রাজশাহীতে র‌্যাবের অভিযান ২৪টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ রাজশাহীতে পৃথক অভিযানে ২৪টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৫-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ও মঙ্গলবার ভোরে র‌্যাব-৫ এর দুটি পৃথক দল অভিযান পরিচালনা করে। রাজশাহী উত্তর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২৪টি ককটেল এবং পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর এলাকা থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি রামদা, পাঁচটি হাসুয়া, পাঁচটি ছুরি, আঠারোটি কুঠার সদৃশ টাঙ্গি এবং দুটি হাতলযুক্ত হ্যামার। উদ্ধারকৃত সব আলামত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত করা কিংবা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এমন বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।