ক্যাশ-আউট বন্ধ, সেন্ড মানিতেও সীমা; জেনে নিন ৯৬ ঘণ্টায় কী খোলা, কী বন্ধ

0
জাতীয় নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা মোবাইল ব্যাংকিংয়ে বিশেষ বিধিনিষেধ। ক্যাশ-আউট বন্ধ থাকলেও সচল থাকবে বিল পে ও মোবাইল রিচার্জ।। ছবি: প্রতীকী

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল মাধ্যমে অবৈধ অর্থের প্রভাব ও ভোট কেনাবেচা বন্ধ করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) বিশেষ কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই নির্দেশনা আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, এই ৯৬ ঘণ্টা সব ধরনের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এজেন্ট পয়েন্টের মাধ্যমে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে ব্যক্তিগত নম্বর থেকে টাকা পাঠানোর (সেন্ড মানি) সুযোগ থাকলেও প্রতি লেনদেনের সীমা সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ বার তথা মোট ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। এছাড়া ব্যাংক অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার (P2P) এই সময়ে পুরোপুরি স্থগিত থাকবে।

তবে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় রেখে কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জ এবং বিদ্যুৎ-গ্যাসসহ ইউটিলিটি বিল পরিশোধের সেবা স্বাভাবিক রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ফি ও সরকারি জরুরি সেবার ফি প্রদানও এই বিধিনিষেধের আওতামুক্ত। আকস্মিক এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সাময়িক অস্বস্তি দেখা দিলেও, কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই এই প্রচেষ্টা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন থেকে পুনরায় সব সেবা আগের মতো সচল হবে।