নিবার্চনের দিন বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ

0

বেনাপোল সংবাদদাতা ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বেনাপোল- পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এই রুটে পাসপোর্টযাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ঝড়-বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা করোনাভাইরাস মহামারির সময়ও এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই প্রথমবারের মতো পুরোপুরিভাবে ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, আগামী বৃহস্পতিবার দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরই অংশ হিসেবে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানতে পেরেছি।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সারাদিন বেনাপোল- পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার পর থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় যাত্রী পারাপার শুরু হবে।

তিনি আরও বলেন, আগে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গুরুতর অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে সীমিত আকারে ইমিগ্রেশন খোলা রাখা হতো। কিন্তু এবার সে সুযোগও থাকছে না। পুরো ২৪ ঘণ্টা ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি তার দপ্তরে পৌঁছেছে।