বেনাপোল পুটখালী সীমান্ত থেকে প্রায় ২ কেজি স্বর্ণসহ আটক ২

0

 

স্টাফ রিপোর্টার ॥ ভারতে পাচারের সময় যশোরের শার্শার বেনাপোল পুটখালি সীমান্তে আলাদা অভিযানে ১৭ পিস স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি । মোটরসাইকেলের মধ্যে করে স্বর্ণের বার নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম বলে বিজিবি জানিয়েছে।  আটক দুই জন হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মৃত আজিজুরের ছেলে হাফিজুর রহমান ( ৩৪) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। এসময় আরও দুই জন পালিয়ে যায়। তারা হচ্ছেন পুটখালি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও একই এলাকার জহির উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন (২৮)।  ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে চোরাচালানীরা। এমন সংবাদের ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই মোটরসাইকেলআরোহীকে গতিরোধ করে। এসময় তারা মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা একটি ব্যাগ ফেলে রেখে যায় এবং ওই ব্যাগ থেকে ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায় এর কিছু পরে আরেকটি মোটরসাইকেলে চেপে দুই যুবক ওই এলাকা দিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদের মোটর সাইকেলে অভিনব কৌশলে রাখা দুটি স্বর্ণের বারসহ তাদের দুজনকে আটক করে বিজিবি সদস্যরা। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান আরও জানান, উদ্ধারকৃত ১৭ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বলে শনিবার বিকেলে তিনি জানান।