দলীয় দুর্বৃত্তের হামলা থেকে বাঁচতে গিয়ে সড়কে ৩ ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যু

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ দলীয় প্রতিপক্ষের হামলা থেকে বাচতে পালাতে গিয়ে সড়ক দুর্ঘনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন ছাত্রলীগ নেতাকর্মীর। নিহতরা হলেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) ও সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বাদশা মোল্লার ছেলে সাইদুজ্জামান মুরাদ বিশ্বাস (২৫), ছাত্রলীগ কর্মী ও ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বনেশ্বরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে তৌহিদুল ইসলাম (২৫) ও যশোরের মনিরামপুর উপজেলার পালদিয়া গ্রামের রাখাল চন্দ্র বিশ্বাসের ছেলে সমরেশ চন্দ্র বিশ্বাস (২৩)। শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের আঠারো মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার কিছুক্ষণ আগে একই দুর্বৃত্তরা ভেটেরিনারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগ নেতা সজিব হাসানকে কুপিয়ে জখম করে।
পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঝিনাইদহ শহর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাগর হোসেন সোহাগের সঙ্গে দেখা করে ক্যাম্পাসে ফিরছিলেন হতাহতরা। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ঘোষপাড়ায় অবস্থিত জোহান ড্রিম ভ্যালি পার্কের কাছে পৌঁছালে ভেটেরিনারি কলেজের জিএস সজিব হাসানকে চলন্ত মোটরসাইকেলে বসা অবস্থায় ওৎ পেতে থাকা তার দলীয় প্রতিপক্ষ গ্রুপের কয়েক জন কুপিয়ে জখম করে। সজিব মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন এবং পুলিশের সহায়তা চাইলে ঝিনাইদহ সদর থানার পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। এরপর ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাসসহ ছাত্রলীগের তিন নেতাকর্মী একই মোটরসাইকেলে যাওয়ার সময় চলন্ত অবস্থায় তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় তারা নিজেদের রক্ষা করতে দ্রুত মটরসাইকেল চালিয়ে আঠারোমাইল নামক স্থানে পল্লী বিদ্যুতের ডিপোর সামনে অন্ধকারে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুটি বোঝায় ট্রাকের (চট্রমেট্রো-চ-৮১৩৪৫৪) সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই নিহত হন মুরাদ বিশ্বাস, তৌহিদুর রহমান ও সমরেশ চন্দ্র বিশ্বাস।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের উপ পরিচালক মোঃ শামীমুল ইসলাম জানান, নিহতদের মাথায় আঘাত লেগেছে। মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা মাসের পর মাস আন্দোলন করছেন। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নিয়ে ওই কলেজের শিক্ষার্থী ও বর্তমান ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহম্মেদের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্ব নিরসনের জন্য কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে ঝিনাইদহে একটি সমঝোতা বৈঠক বসে বলে অন্য একটি সূত্র জানায়। এই দ্বন্দ্বের জের ধরেই তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভেটেরিনারি কলেজের জিএস সজিব হাসান। হতাহতরা সবাই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান গ্রুপের সদস্য বলে জানা গেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান জানিয়েছেন, যে গ্রুপই হামলা করুক এটা অন্যায় ও অমানবিক হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি ও জিএস তার সঙ্গেই রাজনীতি করেন, তারা অন্য গ্রুপ করেন না। তিনি বলেন কারা হামলা চালিয়েছে তা নিশ্চত করে বলা যাচ্ছে না।
ঝিনাইদহ সদর থানর ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ছাত্রলীগের এক গ্রুপের ধাওয়া ও হামলায় প্রথমে সজিব আহত হন। তার হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরপর সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনকেও একইভাবে ধাওয়া করে। হামলা থেকে বাঁচতে গিয়ে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তৌফিক হাসান জানান, নিহত তিনজনের মাথায় গুরুতর জখম রয়েছে। এছাড়া হামলায় আহত সজিব এখন ভালো আছে। তার বাম হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।