অভয়নগরে বেশি দামে চিনি বিক্রি

0

নজরুল ইসলাম মল্লিক,অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে না। সরকারিভাবে দাম কমানো হলেও অভয়নগরের খুচরো বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এই ভোগ্যপণ্যটি।। সরকার দাম কমানোর ঘোষণার প্রায় এক সপ্তাহ পার হলেও সেই সুফল পাচ্ছেন না ক্রেতারা। নির্ধারিত দামের চেয়ে কেজিতে ৬ টাকা থেকে ৮ টাকা বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।

সোমবার নিত্যপণ্যের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেল খুচরো বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯২ টাকায়। যা বিক্রি হওয়ার কথা ৮৪ টাকা কেজি দরে। আবার কিছু দোকানে আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্যাকেটজাত চিনির দাম ৯৫ থেকে ৯৮ টাকা। যার সরকার নির্ধারিত দাম ৮৯ টাকা। সরকারি নির্দেশনা উপেক্ষা করে বেশি দামে এই ভোগ্যপণ্যটি বিক্রি হচ্ছে বাজারে।

ক্রেতারা বলছেন, কোনো পণ্যের দাম বাড়ানোর ঘোষণা দেবে সরকার-এমন বিষয় আঁচ করতে পারলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। কিন্তু যখন দাম কমানোর ঘোষণা দেয় তখন আর দাম কমায় না। নানা গড়িমসি ও অজুহাতে বাড়তি দামেই পণ্য বিক্রি করে। সহজেই কম দাম কার্যকর হয় না। চিনির ক্ষেত্রে তেমনটিই ঘটেছে।

সরেজমিনে ঘুরে অভয়নগরের কোথাও সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি হতে দেখা যায়নি। আবার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মুদির দোকানগুলোতে আরও বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত ২২ সেপ্টেম্বর সরকার চিনির দাম কিছুটা কমিয়ে নির্ধারণ করে দেয়। যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সরকার নির্ধারিত দাম কার্যকর হওয়ার এক সপ্তাহ পার হলেও খুচরা বাজারে এর কোনো প্রভাবই নেই।

খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা এখনও কম দামের চিনি বাজারে বিক্রি করছেন না। ফলে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এ কারণে তারাও বেশি দামে বিক্রি করছেন।