ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের আন্দেলনের ৯৪তম দিন অতিবাহিত

0

 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আন্দোলনের ৯৪তম দিনে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে সকল যান চলাচল। সড়ক অবরোধের কারনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। খবর পেয়ে ছুুটে যান প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সজিব নামের এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রির দাবিতে মাসের পর মাস আন্দোলন করছেন। গত ১২ জুন থেকে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করলেও মন্ত্রণালয়ের কোন টনক নড়েনি।
গত ১৪ জুন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দু শেখর গায়েনকে ২২ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা। এরপরও তাদের দাবি মানা হয়নি। ফলে আবারো নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. আতাউর রহমান ভুইয়া বলেন, আমরা যারা শিক্ষক আছি তারা সবাই প্রাণিসম্পদ বিভাগের অধীন আছি। কিন্তু শিক্ষার্থীরা আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারা সরাসরি বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত হতে চায়। মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এমনটি হচ্ছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ্বাস ও জিএস সজিব হাসান জানান, মাসের পর মাস আমরা আন্দোলন করছি, কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করাতে পারিনি। রাস্তা অবরোধ করলে প্রশাসনের লোকজন আসেন, তারা আশ্বাস দিয়ে চলে যান।