ভরা মৌসুমেও বৃষ্টি নেই,আমন চাষ নিয়ে শঙ্কায় রাজগঞ্জের চাষিরা

0

 

ওসমান গণি. রাজগঞ্জ (যশোর) ॥ আষাঢ় মাস গেলো। শ্রাবণ মাস এলো। তবুও বৃষ্টির দেখা নেই। এখন আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও জমিতে পানি না থাকায় ধানের চারা রোপণ নিয়ে মহাবিপাদে পড়েছেন যশোরের মণিরামপুর উপজেলার ছয় ইউনিয়নের চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহত্তর এ উপজেলার চলতি আমন মৌসুমে ২২হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের রয়েছে এক হাজার পঞ্চাশ হেক্টর, হাইব্রিড জাতের রয়েছে আটশ হেক্টর ও স্থানীয় জাতের রয়েছে ছয়শ হেক্টর।
শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। অথচ বৃষ্টির কোনো দেখা নেই। আর বৃষ্টিপাত না হওয়ায় আমন চাষে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। এদিকে আমন ধানের চারার বয়স বেশি হলে সেই চারা রোপণে ভালো ফলন পাওয়া যাবে না। ফলে সময়মত আমন ধানের চারা রোপণ করার জন্যে বৃষ্টির পানির দিকে না তাকিয়ে গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ শুরু করে দিয়েছে।
সাধারণত জুন মাসের শেষের দিকে আমন ধানের চারা রোপণের কাজ শুরু হলেও জুলাই মাসের প্রথম থেকে পুরোদমে জমিতে চারা রোপণ কার্যক্রম শুরু হয় বলে কৃষকরা জানান। এ বিষয়ে কথা হয় ঝাঁপা ইউনিয়নের হানুয়ার কলেজ পাড়া গ্রামের চাষি নজরুল ইসলাম ও চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামের আবুল হোসেন এবং আব্দুল ওয়াদুদ, রোহিতা ইউনিয়নের রূপচাঁন আলী ও রাজু আহম্মেদ, হরিহরনগর ইউনিয়নের ছসিম উদ্দিন ও বিল্লাল হোসেন, খেদাপাড়া ইউনিয়নের আজিবর রহমান ও ছিদ্দিক হোসেন মশ্মিমনগর ইউনিয়নের ফারুক হোসেন ও আব্দুল আজিজের সাথে। তারা জানান, জুন মাসের মাঝামাঝি থেকে কিছু আমনের চারা রোপণ শুরু হলেও জুলাই মাসের প্রথম থেকে এ অঞ্চলের কৃষকেরা পুরোদমে চারা রোপণ শুরু করে থাকেন।
কিন্তুু চলতি আমন মৌসুমে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় এখনও পর্যন্ত চারা রোপণের কাজ শুরু করতে পারেননি তারা। চারা বড় হয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে সেচের মাধ্যমে জমি প্রস্তুুত করে আমনের চারা রোপণের কাজ শুরু করে দিয়েছে। তবে তাদের আমনের চারা বড় হওয়ার পরও পানির অভাবে জমিতে রোপণ করতে পারছেনা। তাদের ক্ষেতের আশপাশে কোনো সেচের ব্যবস্থা না থাকায় আমন চাষ নিয়ে মহা বিপাকে পড়েছেন তারা। এছাড়া পানির অভাবে অনেকের আমনের চারা শুকিয়ে ক্ষেতেই মারা গেছে বলে জানান এ কৃষকেরা।
খালিয়া গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, তাদের এলাকায় ব্লকের আওতায় আমনের কিছু চাষ শুরু হলেও অধিকাংশ এলাকায় পানির অভাবে এখনও চাষ শুরু করতে পারছেন না। যদি বৃষ্টি না হয় তাহলে তার পক্ষে এবার আমন চাষ করা সম্ভব হবেনা বলে জানান এ কৃষক।
স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ভগিরাত চন্দ্র জানান, বৃষ্টিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ অঞ্চলের আমন চাষিদের জন্য। তবে বৃষ্টির জন্য অপেক্ষা না করে সেচের আওতায় অনেক এলাকায় আমন ধানের চারা রোপণের কাজ শুরু করে দিয়েছে চাষিরা।