ভ্রমণ কর ও করোনার সার্টিফিকেট জাল, বেনাপোলে গ্রীন লাইনের ম্যানেজার আটক

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শতাধিক পাসপোর্ট যাত্রীর ভ্রমণ কর জাল করে ভারতে পাঠানোর সময় জালিয়াতির ঘটনা ধরে ফেলেছে কাস্টমস কর্তৃপক্ষ। চেকপোস্টে গড়ে ওঠা একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারের ভ্রমণ কর ও করোনার সার্টিফিকেট জাল করে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। গত বৃহস্পতিবার রাতে কাস্টমস কর্তৃপক্ষ ওই চক্রের ৯ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে।
মামলার আসামিরা হলেন-বেনাপোলের বড়আঁচড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র মোহাম্মদ জসিম উদ্দিন (৪৫), নজরুল ইসলাম (৬০), ভবেরবেড় গ্রামের মো. হাসান আলী (৫০), মো. মোহন (৩৫), মো. মিলন (৩৫), মো. ইমরান (৩৩), সাদিপুরের শামীম হোসেন (৩০), ইসমাইল হোসেন (৩১) ও মো. মনিরুল।
মামলার পরপরই পুলিশ শুক্রবার সকালে গ্রীন লাইন পরিবহনের বেনাপোল চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার জসিম উদ্দীনকে (৪২) আটক করে। তিনি স্থানীয় বড়আঁচড়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। জালিয়াতির এ ঘটনায় জড়িত আরও ৯ জন পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, একটি চক্র যাত্রীদের সাথে প্রতারণা করে সরকারের ভ্রমণ কর ও করোনা সার্টিফিকেট জাল করে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। বেনাপোল চেকপোস্টেই গড়ে উঠেছে কম্পিউটারের দোকান। যেখানে বসে এসব জাল ভ্রমণ কর ও জাল করোনার সার্টিফিকেট তৈরি করছে চিহ্নিত চক্রটি। পুলিশসহ বিভিন্ন সংস্থাকে এ ধরনের কর্মকান্ড ঘটার বিষয়টি জানালেও তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।
এদিকে কাস্টমস কমিশনার আজিজুর রহমানের নির্দেশে বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বৃহস্পতিবার রাতে সরকারের ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় ৯ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশীদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট যাত্রীদের ভ্রমণ কর ও করোনা সার্টিফিকেট জাল করে প্রতারণা করে আসছিল যাত্রীদের সাথে। বৃহস্পতিবার বিকেলে এ ধরনের জালিয়াতির ঘটনা ধরে ফেলেন কাস্টমস কর্মকর্তারা। প্রতারণার হাত থেকে পাসপোর্ট যাত্রীদের বাঁচাতে কাস্টমস ও ইমিগ্রেশনে বহিরাগত দালাল ও লেবার উচ্ছেদ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, ভ্রমণ কর জাল করে যাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় কাস্টমস বাদী হয়ে জালিয়াত চক্রের ৯ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা করেছে। শুক্রবার জসিম উদ্দীন নামে একজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অন্যরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে।