ডুমুরিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

0

এম রুহুল আমীন, ডুমুরিয়া (খুলনা), লোকসমাজ :
খুলনার ডুমুরিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

পিবিআই সূত্র জানায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ের সুবাদে অভিযুক্তের ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগ রয়েছে, গত মার্চ মাসে কিশোরীর পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে আবারও কিশোরীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে পিবিআই খুলনা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পিবিআই। তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩) এর সংশ্লিষ্ট ধারায় ডুমুরিয়া থানায় মামলা দায়ের করা হয়।

পরে পিবিআই খুলনা জেলা ইউনিটের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

পিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।

পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা) বিষয়টি নিশ্চিত করেছেন।