রবীন্দ্রনাথ আমাদের নিরন্তর অনুপ্রেরণার উৎস : আইনমন্ত্রী আসাদুজ্জামান

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য এক নিরন্তর অনুপ্রেরণার উৎস। রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি জাতিসত্তা, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে পূর্ণাঙ্গভাবে কল্পনা করা যায় না।

শুক্রবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।

আইনমন্ত্রী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলারই সম্পদ নন, তিনি বিশ্বসাহিত্যেরও অনন্য সম্পদ। তাঁর সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের জীবনবোধ, মানবতা ও সৌন্দর্যচেতনার প্রেরণা জুগিয়ে আসছে।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে পারলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং খেলাধুলা ও সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক বক্তৃতা করেন শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আসাদুজ্জামান আরিফ ও রহমতুল্লাহ।

এর আগে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে লোকজ মেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।