বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

0

খুলনা ব্যুরো, লোকসমাজ ॥
খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, তিনটি মোটরসাইকেলে আসা ৬–৭ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে আজিজুল ইসলামের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ঘটনাস্থলে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্বশত্রুতা বা মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। সিআইডির বিশেষজ্ঞ দলও তদন্তে যোগ দিয়েছে।”