সরকার মসনদ টিকিয়ে রাখতে হত্যা খুন গুমের পথ বেছে নিয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নিশি রাতের সরকার তার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে হত্যা খুন গুমের পথ বেছে নিয়েছে। যে কারণে তাদের দলীয় সন্ত্রাসী দিয়ে দেশের ভিন্নমতের রাজনৈতিক দলের নেতা কর্মীদের নির্মমভাবে হত্যা করছে। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকা- সরকারের ঘৃণ্য অপরাজনীতির অংশ।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আজ আওয়ামী সরকারের কাছে দেশের কোনো ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদ নন। সকলেই সরকারের অপ রাজনীতি এবং ষড়যন্ত্রের শিকার। সরকারের সীমাহীন অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হলেই, গুম এমনকি নির্মম হত্যার শিকার হতে হয়।
তিনি বলেন, আজকে প্রকাশ্য দিনের আলোয় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয় দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা ন্যূনতম নিরাপদ নন। তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা কিংবা মৃত্যু কোনোটির নিশ্চয়তা নেই। তিনি অবিলম্বে এই হত্যাকা-ে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা যুবদলের সহসভাপতি তারিক হাসান টিপু, সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিদ্যুৎ, আনোয়ার পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, যুবদল নেতা তানভির রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধু এবং পরিচালনা করেন নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম।