ঈদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৩ জনের

0

লোকসমাজ ডেস্ক॥ ঈদে বাড়ি ফেরার পথে দুই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের। বৃহস্পতিবার রাজবাড়ী ও বাগেরহাটের মোল্লারহাটে দুর্ঘটনা দুইটি ঘটেছে।
রাজবাড়ীতে নিহত হয়েছেন আতিয়া (৩৫) ও আজিজুল মোল্লা (৩২) নামে দুই পোশাক শ্রমিক
বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী শহরের বড়পুল নামক স্থানে মাহিন্দ্রা উল্টে তারা নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। তবে দুর্ঘটনায় নিহত আতিয়ারের শিশু ইউসুফ ও স্ত্রী রাহেলা অক্ষত রয়েছে।
নিহত আতিয়া ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার ধয়েয়ার গ্রামের মতিয়ারের ছেলে ও আজিজুল একই এলাকার নজরুল মোল্লার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় একটি মাহিন্দ্রা। পথে রাজবাড়ী বড়পুল নামক স্থানে আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে গেলে দুই যাত্রী নিহত ও আরেক যাত্রী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন।
ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাহিদ ফেরদৌস (৩০) নামে অপর এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের মোল্লারহাটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।
মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বুধবার বিকালে মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন নাহিদ। রাতে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।