চৌগাছায় বৃদ্ধের হাত ভেঙে দেয়ার অভিযোগ

0

 

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ আরো দু’জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে উপজেলার গুয়াতলী গ্রামে। হামলাকারীদের ভয়ে থানায় মামলা করতে ভয় পাচ্ছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গুয়াতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে তোয়াজ মিয়া ও মৃত তাহের আলীর ছেলে সামছুলের ভেতর বসতবাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। গত ২২ জুন সকালে জমাজমির দ্বন্দ্বে সামছুল তার ছেলে মাহফুজ ও ভাই মহিদুল ইসলামসহ আরো ৪/৫ জন হঠাৎ হামলা চালান তোয়াজ মিয়ার বাড়িতে। তারা তোয়াজ মিয়াকে বেধড়ক পিটিয়ে বাম হাত ভেঙ্গে দেন। এ সময় তাকে রক্ষা করতে স্ত্রী নেকজান বিবি ও ছেলে শিমুল এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে জখম করেন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা করলে খুন জখম করা হবে বলে হুমকি দিচ্ছে হামলাকারীরা। ফলে মামলা করতে সাহস পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারটি।
আহত তোয়াজ মিয়ার ছেলে শিমুল সাংবাদিকদের জানান, তার পিতার বাম হাত ভেঙ্গে গেছে।
এ ব্যাপারে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী জানান, মামলা করতে ভয় পাবার কোন দরকার নেই। থানায় অভিযোগ দিলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।