আল-কারিম ফাউন্ডেশনের কর্মকর্তা সাজ্জাদের নামে প্রতারণা মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের আল-কারিম শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন প্রতারণার অভিযোগ এনে বৃহস্পতিবার আদালতে মামলা করেছেন বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মজিবুর রহমান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন। আসামি সাজ্জাদ হোসেন শহরের লোন অফিস পাড়ার বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, আল-কারিম শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান। যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সপ্রাপ্ত। এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন সাজ্জাদ হোসেন। আল-কারিম শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সুনাম ব্যবহার করে সুচতুর সাজ্জাদ হোসেন ‘আল-কারিম ফাউন্ডেশন’ এর নামে সারা দেশে ২১৮ জন প্রতিনিধি নিয়োগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করেন। এ ক্ষেত্রে তিনি বিভিন্ন আলেম ওলামাদের ব্যবহার করেন। তিনি গ্রাহকদের ১২ কোটি ৭৯ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, সাবেক নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন আল-কারিম শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সুনামকে কাজে লাগিয়ে এবং তিনি একটি প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান হওয়া সত্ত্বেও প্রতারণার আশ্রয় নিয়ে আল-কারিম ফাউন্ডেশনের নামে গ্রাহকদের টাকা আত্মসাত করেছেন। এর মাধ্যমে তিনি আল-কারিম শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।