লিটন-মুমিনুলদের ‘গালাগালি’ করেছেন প্রোটিয়া ক্রিকেটাররা!

0

লোকসমাজ ডেস্ক॥ ক্রিকেট মাঠে স্লেজিং নতুন কিছু নয়। কিন্তু সেটারও তো একটা সীমা থাকা উচিত! সদ্য সমাপ্ত ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা সেই সীমা অতিক্রম করে ফেলেছিলেন, এমনকি তারা গালাগালিও করেছেন, এমন অভিযোগ তুললেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। ডারবানে ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লজ্জার এক হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। প্রোটিয়া স্পিনযুগল কেশভ মহারাজ আর সাইমন হারমার মিলেই ১৯ ওভারে টাইগারদের অলআউট করে দেন মাত্র ৫৩ রানে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুমিনুল নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেছেন। তবে আম্পায়ারিংসহ কিছু কিছু ক্ষেত্রে সফরকারিদের সঙ্গে ভালো আচরণ হয়নি, অভিযোগ তার। মুমিনুল বলেন, ‘স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে, এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝেমাঝে অ্যাবিউসের (গালাগালি) কাছে চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয়, ওরা অ্যাবিউস করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ারও জিনিসগুলো আমার কাছে মনে হয়… ওইভাবে ওদের নোটিশ করেনি।’ কী ধরনের গালাগাল করেছেন প্রোটিয়া ক্রিকেটাররা, সেটি অবশ্য প্রকাশ করতে রাজি হননি মুমিনুল। টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘এগুলো শেয়ার করা যাবে না। আম্পায়াররা হয়তো ওভাবে খেয়াল করেননি।’