দুইদিন ১৮০ ওভার ব্যাট করেও থামলো না অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটারদের জন্য ‘মহাসড়ক’ বানিয়ে রেখেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে সেটাই দেখা গেছে। বোলারদের বধ্যভূমি যাকে বলা হয়। ব্যাটাররা আরামে ব্যাটিং করে গেছেন। করাচি টেস্টেও সেটাই দেখা যাচ্ছে। টস জিতে ব্যাট করতে নেমে দুইদিন টানা ১৮০ ওভার খেলে ফেলেছে সফরকারী অস্ট্রেলিয়া। তাতেও তারা এখনও পর্যন্ত থামেনি। দুইদিন ১৮০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কেবল ৫০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে অসিরা। উসমান খাজা প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। মাত্র ৩ রান দুরে থাকতে (৯৭ রানে) আউট হয়েছিলেন। এবার আর সেই আক্ষেপটা অপূর্ণ রাখেননি। সেঞ্চুরি করে সেটাকে টেনে নিয়েছেন ১৬০ রান পর্যন্ত। ৫৫৬ মিনিট উইকেটে থেকে ৩৬৯ বল খেলে ১৬০ রান করে আউট হন সাজিদ খানের বলে বোল্ড হয়েছিলেন তিনি।
ডেভিড ওয়ার্নার করেছিলেন ৩৬ রান। মার্নাস ল্যাবুশেনের জন্য দুর্ভাগ্য। মাত্র শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। প্রথম দিন ৯০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ৭২ রান করে আউট হয়েছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন ১২৭ রান নিয়ে উসমান খাজা এবং শূন্য রান নিয়ে ব্যাট করতে নামেন নাথান লিওন। দ্বিতীয় দিন ৩৮ রান করে আউট হন লিওন। ট্রাভিস হেড আউট হন ২৩ রান করে। তবে পাকিস্তানি বোলারদের ভুগিয়েছেন অ্যালেক্স ক্যারে। ১৫৯ বল মোকাবেলা করে ৯৩ রান করে আউট হন তিনি। দ্বিতীয় দিন শেষে ৫০৫ রান করে এখনও ব্যাট করে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৯৫ বল খেলে ২৮ রানে উইকেটে রয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স ১০ বল খেললেও কোনো রান করতে পারেননি। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ, সাজিদ খান। ১টি করে উইকেট নেন হাসান আলি, নৌমান আলি, বাবর আজম।