বাগেরহাটে ভ্যানচালক হত্যায় বন্ধু গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাটা গ্রামের ভ্যানচালক দেলোয়ার শেখ (৩২) হত্যার ঘটনায় জড়িত তার বন্ধু নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধুর কাছ থেকে টাকা হাতিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে নজরুল ইসলাম। এসময় হত্যাকা-ে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র ও ৩৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। গত সোমবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতারকৃত নজরুল ইসলাম জেলার সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত হানিফ শেখের ছেলে। পুলিশ সুপার বলেন, নিহত দেলোয়ার শেখ ও গ্রেফতার হওয়া নজরুল ইসলাম পরষ্পর বন্ধু ছিলেন। ঘটনার দিন একটি বেকারির মালামাল বিক্রির ৩৮ হাজার টাকা নিয়ে ফেরার সময় দেলোয়ারের কাছে থাকা ওই টাকা নিতে তাকে খুন করা হয়। গত রোববার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর এলাকায় চন্দ্রমহল ইকোপার্কের পাশ থেকে দেলোয়ার হোসেন নামের ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।