ফিরলেন রোনালদো, ব্রেন্টফোর্ডকে হারালো ম্যানইউও

0

লোকসমাজ ডেস্ক॥ একে তো ফর্মহীনতা, তারওপর ছিল চোট। সব মিলিয়ে গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুপস্থিতিতে অবশ্য ম্যানইউও খুব একটা খারাপ করেনি। টানা দুই ম্যাচ জিতেছে। এবার রোনালদো ফিরেছে দলে। খেলেছেন শুরু থেকেই। দলও রয়েছে জয়ের ধারায়। ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-১ গোলের ব্যবধানে দারুণ এক জয় নিয়ে ফিরে এলো ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও গোলের দেখা পাননি সিআর সেভেন। উলভস এবং অ্যাস্টন ভিলার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে ব্রেন্টফোর্ড ম্যাচে বেশ চাপেই ছিল ইউনাইটেড। তবে রোনালদো গোল না করলেও ফর্মে ফেরা ব্রুনো ফার্নান্দেজের সুবাদে জয় পেল রেড ডেভিলরা। প্রথমার্ধে ব্রেন্টফোর্ডই তুলনামূলক বেশি ভাল ফুটবল খেলে। তবে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার একাধিক সেভের কারণে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোর গোলশূন্যই থাকে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রেড ডেভিলসরা। ব্রুনোর ক্রস থেকে রোনালদোর হেডর বারে লেগে ফিরে আসে। এর কিছুক্ষণ পরই (৫৫ মিনিটে) তরুণ উইঙ্গার অ্যান্থনি ইলাঙ্গার হেড ব্রেন্টফোর্ডের জালে জড়িয়ে যায়। ৬২ মিনিটে ব্রুনোর দুর্ধর্ষ রানের পর পাস থেকে ফাঁকা গোলে বল জড়িয়ে ম্যানইউর ব্যবধান দ্বিগুণ করেন মেসন গ্রিনউড। পুরো ম্যাচে ম্যানইউর হয়ে প্লে-মেকার ব্রুনোর দাপট চোখে পড়ে। তার অ্যাসিস্ট থেকেই ৭৭ মিনিটে, পরিবর্তিত ফুটবলার মার্কাস রাশফোর্ডের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানই। ৮৫ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে ইভান টনি একটি গোল পরিশোধ করেন বটে, তবে তা সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। তিন পয়েন্ট পেয়ে ম্যানইউর মোট পয়েন্ট সংগ্রহ ৩৫ হলেও জয়ের পরেও তারা লিগ তালিকায় সাত নম্বরেই থেকে গেলো। অপরদিকে, টানা তৃতীয় ম্যাচ হেরে ব্রেন্টফোর্ড রয়েছে ১৪ নম্বরে। তাদের দখলে ২৩ পয়েন্ট।