যশোরে একটি রেস্টুরেন্ট থেকে প্রতারকচক্রের চার সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম কে রোডে জেস টাওয়ারের একটি রেস্টুরেন্টে সোমবার বিকেলে অভিযান চালিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারকচক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকরা হলেন, যশোর শহরতলীর খোলাডাঙ্গার ইসমাইল হোসেনের ছেলে জাহিদ হাসান (২১), বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মৃত ইউনুস বিশ্বাসের ছেলে শোয়াইব আহমেদ (৪২), মহিরন গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে তুহিন হাবিব (৩১) ও জামদিয়া গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে রাজু আহমেদ (৪৮)।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টার দিকে তারা গোপন সূত্রে খবর পান যে, জেস টাওয়ারের তৃতীয়তলায় রোজ গার্ডেন রেস্টুরেন্টে অবস্থানকারী কয়েকজন প্রতারক ‘এভিআই গ্রুপ ইউএসএ’ ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে কতিপয় যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। এ খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ওই চক্রের উল্লিখিত চার সদস্যকে আটক করেন। পরে প্রতারিত যুবকদের কাছ থেকে র‌্যাব জানতে পারে, প্রতারকরা ‘এভিআই গ্রুপ ইউএসএ’ ওয়েবসাইটের মাধ্যমে যুবকদেরকে টাকা বিনিয়োগ করতে বলেন। বিনিয়োগ করা হলে প্রতিদিন ১৭০ করে মাসে মোট ৫ হাজার ১শ টাকা আয় করা যাবে বলে তাদেরকে জানিয়েছেন। কিন্তু পরবর্তীতে যুবকেরা প্রতারকদের বাড়িতে গিয়ে তাদের কাছে জানতে চান কবে টাকা পাওয়া যাবে। এ সময় প্রতারকরা তাদেরকে বলেন,‘ওয়েবসাইট চালু আছে। তোমরা কাজ করতে থাকো। টাকা এক সময় পাবা’। কিন্তু অদ্যাবধি টাকা না পাওয়ায় প্রতারিত যুবকদের একজন সোমবার কোতয়ালি থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে রোজ গার্ডেন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করা হয়।