অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে বোমা ও অস্ত্র উদ্ধার

0

স্টাফ রির্পোটার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে আব্দুল্লা আল মারুফ নামে এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

স্থানীয় ও যৌথ বাহিনী সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্বপাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফের (২৭) বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনা ক্যাম্পের নিজস্ব গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা তার বসতঘর ও গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি গুলি, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করে।

যৌথবাহিনী জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় মারুফকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে । বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।