বেনাপোলে নুরুজ্জামান লিটনের পক্ষে শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল

0

বেনাপোল সংবাদদাতা ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে যশোরের সীমান্তবর্তী শহর বেনাপোল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর উদ্যোগে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টায় ধানের শীষের সমর্থনে ব্যানার ও ফেস্টুন নিয়ে হাজার হাজার শ্রমিকদের অংশগ্রহণে ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকায় জোয়ার ওঠে। এসময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলটির নেতৃত্বে ছিলেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী এবং ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন।

এসময় বক্তারা আসন্ন নির্বাচনে নুরুজ্জামান লিটনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বন্দরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।