দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান

0
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশের ভেতরে নতুন গ্যাস খনি আবিষ্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করা হবে।

তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে এখন দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে এবং তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, গত ১৬ বছর যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো ভেতরে ভেতরে ষড়যন্ত্রে লিপ্ত।

দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে।