অভয়নগরে আট ইউপিতে আজ ভোটগ্রহণ

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়নে আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুন্দলী, চলিশিয়া, পায়রা, শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলেও শুধুমাত্র প্রেমবাগ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৮টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রে ৮৬ জন প্রিজাইডিং অফিসার ও ৪০৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার কাজে ৮টি ইউনিয়নে ১৮টি মোবাইল টিম টহলরত অবস্থায় থাকবে। তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন কোস্টগার্ড ও র‌্যাবের তিনটি টহল টিমসহ ৮টি ইউনিয়নে ৯২৫ জন পুলিশ এবং এক হাজার ৪৬২ আনসার সদস্য থাকবে। এছাড়া ফায়ার সার্ভিস ও মেডিক্যাল টিমও দায়িত্ব পালন করবে। ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৯৮। মহিলা ভোটার ৭০ হাজার ৯৩৪, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবারউপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, ‘নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রেমবাগ ইউনিয়নে ইভিএম মেশিন পাঠিয়ে দেওয়া হয়েছে। সাতটি ইউনিয়নের ব্যালট পেপার রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’