কেশবপুরে স্ত্রী ও সহযোগীদের হামলায় স্বামী-শ্বশুর আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কেশবপুর উপজেলার ফতেপুর গ্রামে স্ত্রী ও তার সহযোগীদের হামলায় স্বামী-শ্বশুর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক গোলযোগের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- ফতেপুর গ্রামের মোহর আলী (৫০) ও তার পুত্র ওসমান গনি (২৫)। ওসমান গনি জানিয়েছেন, তিনি একই উপজেলার বগা গ্রামের আতিয়ার রহমান মন্ডলের কন্যা রেশমা খাতুনকে বিয়ে করেছেন। পারিবারিক গোলযোগের জের ধরে রেশমা খাতুন তার দু’বছর বয়সী শিশুসন্তানকে স্বামীর বাড়িতে রেখে পিত্রালয়ে চলে যান গত শুক্রবার তাকে (স্ত্রীকে) বাড়িতে আনেন। কিন্তু রেশমা খাতুন স্বামীর বাড়িতে একা আসেননি। মা হাসিনা বেগম, বোন নাজমুন নাহারসহ ৬/৭ জন মহিলাকে পিত্রালয় থেকে সঙ্গে করে আনেন এবং ওসমান গনিকে বেধড়ক মারপিট করেন। এ সময় পিতা মোহর আলী ওই মহিলাদের কবল থেকে উদ্ধার করতে গেলে তাকেও মহিলারা বেদম প্রহার করেন। মহিলাদের হামলায় ওসমান গনি ও মোহর আলী গুরুতর আহত হলে তাদেরকে গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।