ঝিকরগাছা পৌর নির্বাচনে মেয়র পদে ৮ জনসহ ৯১ জনের মনোনয়নপত্র জমা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন পর্যন্ত মেয়র পদে ৮জন, ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার ছিলো মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। দীর্ঘ ২১ বছর পর এই পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যমতে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি দলীয় মনোনয়ন প্রাপ্ত (নৌকা প্রতীক) মোস্তফা আনোয়ার পাশা জামাল। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জমা দিয়েছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এ.কে.এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের আহবায়ক ছেলিমুল হক সালাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল সাঈদ ও ইমতিয়াজ আহমেদ শিপন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ৮জন মেয়র প্রার্থীসহ সংরক্ষিত-(১) ১,২ ও ৩ নং ওয়ার্ডে ৪ জন, সংরক্ষিত (২) ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ৬ জন এবং সংরক্ষিত (৩) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ৮ জনসহ সর্বমোট ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমাদানকারীদের মধ্যে ১ নং ওয়ার্ডে ১১জন, ২ নং ওয়ার্ডে ৯জন, ৩নং ওয়ার্ডে ১২জন, ৪নং ওয়ার্ডে ৫জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৬জন, ৭নং ওয়ার্ডে ৪জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ১০জন রয়েছেন। গত ৩০ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর যাচাই-বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এছাড়া আগামী ১৬ জানুয়ারি পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ হবে হবে। উল্লেখ্য, ২০০১ সালের ২ এপ্রিল ঝিকরগাছা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা সংক্রান্ত জটিলতায় আর কোনো নির্বাচন না হওয়ায় তখনকার নির্বাচিত মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ২১ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।