যশোরে বৃদ্ধার বস্তাবন্দী লাশ : পুত্রবধূকে আটক করেছে পুলিশ

এ বিষয়ে সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে বস্তাবন্দি অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধারের ঘটনায় পুত্রবধূ মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র। এ বিষয়ে সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
যশোর ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহে বেজপাড়ার ষাটোর্ধ্ব সকিনা বেগমকে হত্যা, বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যায় ব্যবহৃত ধারালোঅস্ত্র সহ প্রধান অভিযুক্তকে ১২ ঘন্টার মধ্যে আটক করলো ডিবি যশোর ও যশোর কোতয়ালী থানা পুলিশের যৌথ টিম। নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কিত প্রেস ব্রিফিং করবেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম।
এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সংবাদ সম্মেলন চলছিল।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বাড়ির সামনে থেকে সকিনা বেগমের বস্তাবন্দী লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন যশোর কোতয়ালি থানার এসআই ফজলুল হক।
পারিবারিক সূত্রে জানা যায়, সকিনা বেগমের ছেলে শহিদুল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে দোকানে যান। যাওয়ার আগে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল তার মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, তিনি বাইরে তালিমে গেছেন। রাত আনুমানিক ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তার মাকে না পেয়ে পুনরায় খোঁজ নেন। তখনও তার স্ত্রী জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরবর্তীতে তিনি ও তার বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ শহিদুলের স্ত্রী মরিয়মকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি শাশুড়ি হত্যার কথা স্বীকার করেন। এসময় পুলিশ সংবাদ সম্মেলন আহ্বান করে।

বিস্তারিত পরে জানানো হচ্ছে-