বাগেরহাটে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন দিয়েছে আদালত। বাগেরহাটের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের ১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছরের কারাদ- দেওয়ার আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন। সাজাপ্রাপ্ত ৫৩ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি জেলার কচুয়া উপজেলায়। আদালতের পিপি সিদ্দিকুর রহমান খান মামলার নথির বরাতে জানান, ২০২০ সালের ১৫ মার্চ রাতে ১৭ বছর বয়সী মেয়ের ঘরে গিয়ে আসামি তাকে ধর্ষণ করেন। তার আগে আসামি মেয়েকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে আসামির স্ত্রী অভিযোগ করেন। ধর্ষণের পর রাতেই মেয়ে তার মাকে জানায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে মেয়ের মা কচুয়া থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম আসামিকে গ্রেফতার করেন এবং ওই বছর ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন। পিপি বলেন, বাদীপক্ষের সাতজন ও আসামিপক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইফতেখারুল ইসলাম রানা।