ধর্ষিতা কিশোরীর সন্তান প্রসব হাসপাতালে

0

স্টাফ রিপোর্টার ॥ গণধর্ষণের শিকার হওয়া এক কিশোরী সন্তান প্রসব করেছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোববার ১৪ বছর বয়সী ওই কিশোরী একটি কন্যাসন্তান জন্ম দেয়। সন্তান প্রসবের পর ওই কিশোরী তার পিতৃপরিচয় প্রতিষ্ঠা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। কিশোরীর বাড়ি যশোর সদর উপজেলার দৌলতদিহী গ্রামে। হাসপাতাল সূত্র জানিয়েছেন, শনিবার দিনগত রাত ১টা ৫০ মিনিটে ৯ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রসব বেদনা নিয়ে হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হয় কিশোরী। ভোরে নর্মালভাবে সে কন্যা সন্তান প্রসব করে। নবজাতকটি ভালই আছে জানিয়ে সেবিকাগণ বলছেন, বাচ্চাটির ওজন কিছুটা কম হলেও এ অবস্থায় থাকলে কোন অসুবিধা হবে না তার। কিশোরী জানিয়েছে, গত মার্চ মাসে সে একা বাড়িতে ছিল। তখন একই গ্রামের অনি,ক অপু ও সোহান মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি বিচারধীন রয়েছে।
ধর্ষিতার মাতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শনিবার সকালে তাকে ছাড়পত্র দেয়া হয়েছিল। পরে বাড়িতে গেলে গভীর রাতে প্রসব বেদনা উঠলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কন্যা সন্তান প্রসব করে ওই কিশোরী। কিশোরী এবং তার মাতা ও দু’জনই জানিয়েছেন, এ ঘটনায় তারা সন্তানের পিতৃপরিচয় ও ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

i