বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা

0
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসের ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা ।। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। নতুন এই ভাড়ার হার আজ থেকেই কার্যকর হবে।

সেতুমন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামের দূরপাল্লার বাস এবং দেশের সব আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে বর্তমান ভাড়ার সঙ্গে ১১ পয়সা যোগ হবে। তবে এই সিদ্ধান্ত কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না। বর্তমানে দূরপাল্লার রুটে নির্ধারিত ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা।

মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, জ্বালানি তেলের দাম কমে গেলে বাসের ভাড়াও পুনরায় কমিয়ে সমন্বয় করা হবে। তবে রেল ও নৌ-পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে সরকার, যার প্রেক্ষিতে পরিবহন মালিক সমিতি ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিল।