বর্ণাঢ্য আয়োজনে অভয়নগর মুক্ত দিবস পালন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ বর্ণাঢ্য আয়োজনে গতকাল বৃহস্পতিবার অভয়নগর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সেক্টর কমান্ডর ফোরামের ভাইস চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।
অভয়নগর মুক্ত দিবস উদযাপন সংসদ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আলী আহম্মেদ খান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রেখেছেন। যশোরের অভয়নগরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের তালিকা জমা দেওয়ার আহবান জানান তিনি। আলোচনা সভার পূর্বে সকাল সাড়ে নয়টায় একই মাঠে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় বিশাল আনন্দ শোভাযাত্রা যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে অভয়নগরের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বর্ণিল সাজে সাজানো হয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক বাহিনীর হাত থেকে মুক্তি পেয়েছিল অভয়নগরের লাখো মানুষ। ২৪ ঘন্টার সম্মুখযুদ্ধে হানাদার মুক্ত হয়েছিল অভয়নগরের মাটি ও মানুষ। উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর অভয়নগর মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে অভয়নগরবাসী।