যশোরে বিএমএর আয়োজনে ডা. মিলন দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গতকাল যশোরে পালিত হয়েছে শহীদ ডা. মিলন দিবস। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঘাতকের বুলেটে এদিন নিহত হয়েছিলেন ডা. শামসুল আলম খান মিলন। তার শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালের সভাকক্ষে বিএমএ যশোর জেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন বিএমএ যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. নাসিম রেজা। শহীদ ডা. মিলনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিএমএ যশোরের সাধারণ সম্পাদক ডা. এম এ বাশার, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মো. নুর কতুবুল আলম (সার্জারি), যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. অজয় কুমার সরকার, চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রি শেখর সরকার, আরএমও ডা. মো. আনোয়ার হোসেন, উপসেবা তত্ত্বাবধায়ক মোসা. ফেরদৌসি পারভীন ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।
আলোচকবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ডা. মিলন দেশ ও জতির স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে এদেশের চিকিৎসক সমাজ সকল পেশাজীবীদের সাথে একাত্মতা পোষণ করে গণতন্ত্র রক্ষা করবে। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান দোয়া মাহফিল পরিচালনা করেন।