তালায় একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের জন্মদিন পালিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে হলরুমে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) আসনের সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী চিত্রশিল্পী পরিবারের সদস্য সৈয়দ দিদার বখ্ত, সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইন্সটিটিউটের অধ্যাপক শেখ আফজাল। এসময় বক্তব্য দেন প্রয়াত শিল্পী সৈয়দ জাহাঙ্গীরের ভ্রাতুষ্পুত্র সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শারমিন আকবর হাশেমী প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর ১৯৩৫ সালের ৪ নভেম্বর সাতক্ষীরা জেলার তালা থানার তেঁতুলিয়া গ্রামের হাশেমী পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর সৃষ্টিশীল শিল্পী প্রতিভার কারণে ১৯৮৫ সালে একুশে পদক লাভ করেন। ১৯৯২ সালে চারুশিল্পী সংসদ তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করে। ২০০০ সালে মাইকেল মধুসূদন পুরস্কার এবং ২০০৫ সালে শশীভূষণ সম্মাননাসহ অন্যান্য সম্মাননায় ভূষিত হন। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর। শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তাঁর ক্যানভাসে তুলে এনেছেন গ্রাম বাংলার প্রকৃতি ও সাধারণ মানুষের জীবন যাত্রা, নির্মাণ শৈলীতে ছিল বিচিত্র ব্যাঞ্জনা যা তাঁর সৃষ্টিকে করে তুলেছে বৈশিষ্ট্যময়। তিনি ছিলেন প্রকৃতি ও নিসর্গ নির্ভর সম-বাস্তববাদী শিল্পী। মূর্ত ও বিমূর্ত উভয় ক্ষেত্রেই রেখেছেন সাফল্যের স্বাক্ষর।