মণিরামপুরে ছাত্রলীগ নেতা হারুন গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদকে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মুক্তার দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানায় পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি দেলুয়াবাটি গ্রামের মোতালেব গাজীর ছেলে। জানা যায়, ২০১৮ সালে চালকিডাঙ্গা বাজারে ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা খুররম হোসেন ও ছাত্রলীগের আহ্বায়ক হারুন অর রশিদের নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মুক্তা ও তার ভাই পুলিশের অবসরপ্রাপ্ত নায়েক আশরাফুল কবির মিঠুর ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। হামলায় মুক্তা ও তার ভাই মিঠু আহত হন। এ ঘটনায় হুমায়ুন কবির মুক্তা খুররম হোসেন, হারুন অর রশিদসহ কয়েকজনের নামে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওয়ারেন্ট থাকায় এএসআই এস্কেন্দার আলী বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে হারুনকে গ্রেফতার করেন। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর ই আলম সিদ্দিকী জানান, শুক্রবার সকালের দিকে হারুনকে আদালতে চালান দেওয়া হয়। উল্লেখ্য এ মামলার বাদী সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মুক্তা কয়েকমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।