কোভিড আক্রান্ত স্বামীর চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার করতে হাসপাতালকে আদালতে নিলেন স্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের ওহাইও প্রদেশের বাটলার কাউন্টির একটি হাসপাতাল হচ্ছে ‘ওয়েস্ট চেস্টার’। গত ১৫ জুলাই কোভিড আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন জেফরি স্মিথ নামের এক রোগি। গত ১লা আগস্ট থেকে তিনি ভেন্টিলেটরে রয়েছেন। কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল দেখে তার স্ত্রী জুলি স্মিথ সেসময় ফ্রেড ওয়াগশুল নামের এক চিকিৎসকদের শরণাপন্ন হন। ওই চিকিৎসক জেফরিকে না দেখেই তাকে ২১ দিন ধরে আইভারমেকটিন নামের একটি ওষুধ প্রয়োগের প্রেসক্রিপশন দেন। আইভারমেকটিন হলো একটি এন্টি প্যারাসাইটিক ড্রাগ। কিন্তু ওয়েস্ট চেস্টার হাসপাতাল বাইরের চিকিৎসকের দেয়া ওষুধ প্রয়োগে অস্বীকৃতি জানায়। একইসঙ্গে এই ওষুধ এফডিএ কর্তৃক অনুমোদিত না বলেও জানায় হাসপাতালটি। কিন্তু এরপরই জেফরিকে আইভারমেকটিন প্রয়োগে বাধ্য করতে ওয়েস্ট চেস্টার হাসপাতালকে আদালতে নিয়ে যান তার স্ত্রী জুলি। ওই মামলার রায় আসে স্ত্রীর পক্ষে। বাটলার কাউন্টির বিচারক গ্রেগরি হাওয়ার্ড হাসপাতালটিকে নির্দেশ দেন যাতে জেফরিকে তিন সপ্তাহ ধরে প্রতিদিন ৩০ মিলিগ্রাম করে আইভারমেকটিন দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে পাল্টা মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার হাসপাতালের পক্ষেই রায় দেন বিচারক মাইকেল ওস্টার। প্রথমবারের বিচারক হাওয়ার্ডের রায় বাতিল করে তিনি বলেন, বিচারকরা চিকিৎসক বা নার্স নন। আইভারমেকটিন কার্যকরি ওষুধ কিনা তার নির্ধারনের দায়িত্ব আদালতের নয়। তারপরেও প্রমাণের সাপেক্ষে বলা যেতে পারে, কোভিড-১৯ এর চিকিৎসায় মেডিক্যাল ও গবেষক সম্প্রদায় এখনও এই ওষুধকে ব্যবহারের পক্ষে নন। ওস্টারের রায়ের ফলে হাওয়ার্ডের পূর্বেকার রায় বাতিল হয়ে গেছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে কোভিড চিকিৎসায় আইভারমেকটিন ব্যবহার এখনও অনুমোদিত নয়। এটি ব্যবহারের বিরুদ্ধে সাবধান বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনও। প্রতিষ্ঠানটির এক রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধ বেশি গ্রহণ করলে তা ক্ষতিকর হয়ে ওঠে এবং শরীরের বড় ক্ষতি সাধন করে। এরফলে নাসা, বমি, ডাইরিয়া, খিঁচুনি এমনকি মৃত্যুও হতে পারে।