এবার কুষ্টিয়ায় ১০ মিনিটে দুইবার টিকা নিলেন এক ব্যক্তি

0

কুষ্টিয়া প্রতিনিধি॥ এক দিনে করোনার তিন ডোজ টিকা নেওয়ার দাবি করেছিলেন সৌদি প্রবাসী নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। তবে এবার কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দুই ডোজ টিকা ১০ মিনিটের ব্যবধানে নিয়েছেন এক ব্যক্তি। ঘটনা আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকের।
বাশারুজ্জামান (৩৮) নামের এই ব্যক্তির বাড়ি খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামে। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। উনি (নার্স) কলেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার দাঁড়াইছি। আরেক নার্স কলেন, ভেতরে যান। আবার জামা খুলছি, আবার দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইটা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন, দুইটা হবে কেন। এখন সমস্যা হবে কি না, জানি না।’বিষয়টি জানতে চাইলে কর্তব্যরত নার্স নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘এটা একটা ভুল, তিনি একবার টিকা নিয়েছেন। অথচ আমাকে বলেন নাই।’
‌‘টিকা নেওয়ার আগে ওই ব্যক্তি কেন বলেননি যে, তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুইবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তার শারীরিক খোঁজখবর রাখা হবে’,- বলেন খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান মারুফ।