করোনা রোগীদের চিকিৎসায় আকিজ গ্রুপের সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করোনা রোগীদের জন্য চারটি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আকিজ গ্রুপের পরিচালক শেখ আফিল উদ্দিন এমপি হাসপাতালের তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামানের হাতে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় শেখ আফিল উদ্দিন এমপি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সবসময় হয়ে ওঠে না। করোনার এই সংকটময় মুহূর্তে আকিজ গ্রুপ সেই সুযোগটি পেয়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। ইতিপূর্বে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঢাকা, খুলনা-সাতক্ষীরা হাসপাতালে করোনার চিকিৎসা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে এই চারটি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা প্রদান করা হলো। করোনা রোগীদের চিকিৎসায় আকিজ গ্রুপের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, সিভিল সার্জন শেখ আবু শাহীন। অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু প্রমুখ।