মাগুরায় দেয়াল ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

0

মাগুরা সংবাদদাতা ॥ মাগুরা শহরের কলেজ পাড়ায় ইটের দেয়াল ভেঙে পড়ে রবিবার সকালে রোমান হোসেন (৩০) ও রাসেল (২২) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রোমান সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও রাসেল নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান, শহরের কলেজ পাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিমদিকের সীমানা প্রাচীরটি ভেঙে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের ওপর পড়ে। এ সময় রোমান ও রাসেল নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুই নির্মাণ শ্রমিক। দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতরা হচ্ছেন রমজান (২২) ও শাকিল (২৩)। তাদেরকে গুরুতর অস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।