বৈশ্বিক সয়াবিন উৎপাদন বাড়বে ৮%

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২০-২১ মৌসুমে বিশ্বজুড়ে সয়াবিন উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৮ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। এ সময় কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন দাঁড়াতে পারে ৩৬ কোটি ৪০ লাখ টনে। একই সঙ্গে
বিগত চার মৌসুমের মধ্যে প্রথমবারের মতো ২০২০-২১ মৌসুমে সয়াবিনের বৈশ্বিক মজুদ চাঙ্গা হয়ে ওঠার সম্ভাবনা দেখছে আইজিসি। আগের মৌসুমের তুলনায় কৃষিপণ্যটির বৈশ্বিক মজুদ বাড়তে পারে ১০ লাখ টনের বেশি। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও বিজনেস রেকর্ডার।
আগের মৌসুমের মতো ২০২০-২১ মৌসুমেও ব্রাজিলের সয়াবিন উৎপাদনে রেকর্ড হতে পারে। এ সময় দেশটিতে কৃষিপণ্যটির সম্মিলিত উৎপাদন দাঁড়াতে পারে ১২ কোটি ৯৪ লাখ টনে। একই সময় যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে ১১ কোটি ২০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আইজিসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২০-২১ মৌসুমে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে সয়াবিনের আবাদ বেড়েছে। বাড়তি আবাদের জের ধরে মৌসুম শেষে দুই দেশে কৃষিপণ্যটির উৎপাদন চাঙ্গা থাকবে। তবে আর্জেন্টিনা, কানাডা, ইউক্রেন ও ভারতে সয়াবিন উৎপাদন আগের তুলনায় কমতে পারে। একই সঙ্গে শীর্ষ আমদানিকারক দেশ চীন কৃষিপণ্যটির আমদানি বাড়াতে পারে। ফলে মৌসুমজুড়ে সয়াবিনের বাজার চাঙ্গা থাকার সম্ভাবনা রয়েছে।