ত্রাণ চাওয়ায় ভ্যানচালককে পিটিয়ে জখম করলো মেম্বারের লোকজন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ত্রাণ চাওয়ায় এক ভ্যান চালককে মারধর করেছে ইউপি মেম্বারের লোকজন । আহত ভ্যান চালক লিটন (২৫) যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি সদর উপজেলার বড় হৈবৎপুর রেল লাইন এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে। বুধবার সকালে তিনি আহত অবস্থায় প্রেসকাব যশোরে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
আহত ভ্যানচালক লিটন সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে হৈবৎপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিজানের চায়ের দোকানে সামনে ওই ওয়ার্ডের মেম্বার মকবুল হোসেনের কাছে ত্রান চান। এসময় মেম্বার বিরক্ত হয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি গালিগালাজ করছেন কেনো প্রতিবাদ করলে মেম্বারের নির্দেশে তার সহযোগী সোহাগ, ইয়াছিন, রহমান, অপু তাকে মারধর করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার করে। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। এরই মধ্যে ভ্যানচালক লিটন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে বুধবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়ছে বলে তার প্রতিবেশী ফরহাদ হোসেন জানান। এ ব্যাপারে ইউপি মেম্বার মকবুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মারধরের কথা অস্বীকার করে বলেন, লিটন মিথ্যা অভিযোগ করেছে। তিনি বলেন মারধরের কোনো ঘটনা ঘটেনি। তার দাবি অনুযায়ী চাল না দেয়ায় আমার বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে হৈবৎপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।