স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলবাজারে সোমবার দুপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফদতর। এ সময় অধিক মূল্যে পেঁয়াজ ও রসুন বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব খবর পান রেলবাজারে অধিক মূল্যে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে। এ ধরনের অভিযোগ পেয়ে তিনি সেখানে অভিযান চালান। এ সময় দেখা যায়, রেলবাজারের নজরুল স্টোর, বৃষ্টি স্টোর, সোহেল স্টোর ও শহিদুল স্টোরে ৪০/৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৬০/৭০ টাকা দরে এবং ৭০/৮০ টাকা কেজি দরের রসুন ১শ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ক্রেতাদের ঠকানোর জন্য দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নজরুল স্টোরকে ২ হাজার টাকা, বৃষ্টি স্টোরকে আড়াই হাজার টাকা, সোহেল স্টোরকে ১ হাজার টাকা ও শহিদুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে করোনাভাইরাসে আতংকের সুযোগ নিয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। অভিযানকালে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্য মো. আব্দুর রকিব সরদার উপস্থিত ছিলেন।





