গোপালগঞ্জে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

0

লোকসমাজ ডেস্ক॥ গোপালগঞ্জে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশিপুরের দেওয়ান বাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ আলম (৩৫), খোকন শেখ (৩৫) ও আব্দুলমান্নান (৪০)। এ রিপোর্ট লেখাপর্যন্ত খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৪৩-১৪৫৭) মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান। তিনি আরো বলেন, প্রাইভেটকারের আরো ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদেরও মৃত্যু হয়।