সাগরদাঁড়িতে মধুমেলার প্রস্তুতি পরিদর্শন জেলা প্রশাসকের

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলে জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রস্তুতির কাজ চলছে সাগরদাঁড়ির মধুমেলা মাঠে। বৃহস্পতিবার দুপুরে মহাকবির জন্মস্থান কপোতাক্ষ নদ তীরে অনুষ্ঠেয় সপ্তাহব্যাপী মধু জন্মোৎসব ও মেলার প্রাথমিক প্রস্তুতি পরিদর্শন করেন মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ। এ সময় তার সাথে ছিলেন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে ৭ দিনব্যাপী মধুমেলা। মেলা শেষ হবে ২৮ জানুয়ারি। এ বছর সরকারি টেন্ডারের মাধ্যমে মেলার ইজারা দেয়া হয়নি। ফলে মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের কার্যালয় থেকে ১২ জানুয়ারি ডাকের মাধ্যমে মধুমেলার মাঠে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ২২ জানুয়ারি মেলা উদ্বোধনের পর সন্ধ্যায় মধুমঞ্চে অতিথিদের আলোচনা সভা শেষে মধু মঞ্চে নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থেকেই প্রতিদিনই মধুমঞ্চে অনুষ্ঠিত হবে কবির জীবনী সম্পর্কিত আলোচনা সভা। মধুসূদনের সৃষ্টি, সাহিত্য ও কর্মজীবনের ওপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আলোচনা সভা শেষে বিভিন্ন দলগত সংগীতানুষ্ঠানের পাশাপাশি দেশের খ্যাতিমান কণ্ঠ শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করবেন। প্রতিবারের মত আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃতি, নাটক, যাত্রাপালা অনুষ্ঠিত হবে। এছাড়া মেলার মাঠে আনন্দ উপভোগের জন্য সার্কাস, ইঞ্জিন ট্রেন, মৃত্যুকুপ, নাগোরদোলা, যাদু প্রদর্শনী, কৌতুকসহ বিভিন্ন বিনোদনের সুযোগ রয়েছে।