যশোরে র‌্যাব-পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৭

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে র‌্যাব ও পুলিশের আলাদা মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল, ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি আওয়াল মিয়া যশোর কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি বাজারের তিন রাস্তার মোড় থেকে মহিদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৩১ পিস ফেনসিডিল জব্দ করা হয়েছে। মহিদুল বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে।
কোতয়ালি থানার এস আই সাইফুল মালেক জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। এরা হলো, দেয়াড়া সরদারপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬), দেয়ার পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আজগর আলী (৫০) এবং দত্তপাড়া বাজারের পাশের আহমেদ আলীর ছেলে রাজু (২২)। পরে তাদের দেহ তল্লাশি করে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সি জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পালবাড়ি এলাকার মেন্টর স্কুলের সামনে থেকে তরিকুল ইসলাম মনির (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মনির পুলিশ লাইন টালিখোলা পাওয়ার হাউজপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে। সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই সুমারেশ কুমার সাহা জানিয়েছেন, গত শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে চূড়ামনকাটি-চৌগাছা সড়কের বেলতলা নামক স্থানে রাব্বির চায়ের দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো সদর উপজেলার দেয়াড়া গ্রামের হাফিজুর রহমান মন্টুর ছেলে রাজু আহমেদ (২১) এবং ডুমদিয়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৪৫)। তাদের দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সাথে বাজাজ কোম্পানির সিটি-১০০ মডেলের একটি মোটরসাইকেল (যশোর-হ-১৫-৩৭৩৬) জব্দ করা হয়। এসব ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৪টি মামলা হয়েছে।