নবীন-প্রবীণ প্রাণের মেলায় মিলেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ

0

স্টাফ রিপোর্টার ॥ নবীন-প্রবীণ প্রাণের মেলায় মিলেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর জমকালো অনুষ্ঠানে মেতে ওঠেছেন পাঁচ সহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। শনিবার বিকেলে দু’দিনব্যাপি এ আনন্দ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রোববার পর্দা নামবে এ বর্ণিল আয়োজনের।
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘যশোর ক্যান্টনমেন্ট কলেজ’র ৫০ বছর পূর্তি হয়েছে এ বছর। এই অর্জনকে উপলক্ষ করে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠান উদ্যাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা ক্যাম্পাস। কলেজ জুড়ে শোভা পাচ্ছে নানা রকমের বিলবোর্ড। একাডেমিক ও অফিস ভবন রঙবেরঙয়ের আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছে। ছোট ছোট স্টলে বসেছে মিনা বাজার। মাঠের এককোনে রয়েছে গরম গরম কফির বন্দোবস্ত। গরম গরম কফিতে চুমুক দিতে দিতে পুরোনো বন্ধুদের সাথে খোশগল্পে মাতছেন সবাই। পুরনো বন্ধুদের সাথে অনেক দিন বাদে মিলিত হওয়ার স্মৃতি ছবির ফ্রেমে ধরে রাখতে ফটোসেশন ও সেলফিতে মাতেন অনেকেই।
৯১’র ব্যাচের শিক্ষার্থীদের দেখা যায়, লাল সবুজের উত্তরীয়র সাথে হালকা নীল বেগুনির ব্লেজারে আবৃত হয়ে নতুন নির্মিত শহীদ মিনারের বেদিতে গ্রুপ ছবি তুলতে। ভুভুজেলা বাজিয়ে দলবেঁধে র‌্যালিও করেন তারা।
কলেজ মাঠের পশ্চিম দিকে নির্মাণ করা হয়েছে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর উৎসব মঞ্চ। মঞ্চ জুড়ে আলোর সজ্জা। মঞ্চে ডিসপ্লেতে দেখানো হয় কলেজ নিয়ে আগামী দিনের নানান পরিকল্পনা। শনিবার বিকেল চারটার পর এই মঞ্চেই দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শান্তির প্রতীক সফেদ পায়রা ও ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার।
উদ্বোধনী পর্বে অন্যান্যের বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন, কলেজ অধ্যক্ষ লে. কর্নেল আমিনুর রহমান, উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী ইকবালুর রশীদ, ক্যান্টনমেন্ট কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান ডালু প্রমুখ। উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী ইকবালুর রশীদ জানিয়েছেন, ‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই শ্লোগানে ক্যান্টনমেন্ট কলেজের পাঁচ সহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশ নিচ্ছে। প্রবীণ ৭৫ ব্যাচের ৩ জন প্রাক্তন ছাত্র অংশ নিচ্ছেন। ৭৫ থেকে সর্বশেষ ১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে রয়েছেন। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রাক্তনের এই অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন।