লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। আর মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। এছাড়া রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন। কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের নাম প্রস্তাব করেন। তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেট এতে সম্মতি দেন। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলররা পার্টির চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষককে নির্বাচিত করবেন। পরে চেয়ারম্যান একক ক্ষমতাবলে অন্য পদের নাম ঘোষণা করবেন। সে হিসেবে জি এম কাদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কাউন্সিলেই দলের মহাসচিব হিসেবে মসিউর রহমান রাঙ্গার নাম ঘোষণা দেন। কমিটির অন্যান্য পদে পরবর্তীতে অন্যদের দায়িত্ব দেয়া হবে বলে কাউন্সিলে ঘোষণা দেন কাদের। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির নতুন কমিটিতে তার সহধর্মিণী রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখার সিদ্ধান্ত হলেও তাকে ছাড়াই দলের জাতীয় কাউন্সিল শুরু হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় পার্টির কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত এ কাউন্সিলে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল শুরু থেকেই। তবে কাউন্সিলে আসেননি রওশন এরশাদ। কাউন্সিলে শেষ পর্যায়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন-ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, আলহাজ সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মুজিবর রহমান সেন্টু, আলহাজ সফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, সেলিম ওসমান প্রমুখ।
চুরি না করে নৌকা যদি পাস করে তাহলে সমুদ্রে গিয়ে ডুব দেব: কাদের সিদ্দিকী
লোকসমাজ ডেস্ক ॥ ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি তাদের (আওয়ামী লীগ) চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে চুরি না করে নৌকা যদি পাস করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব। শনিবার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে কাদের সিদ্দিকী বলেন, আমি বলি গত ৩০ ডিসেম্বর এই দেশে কোন ভোট হয় নাই। দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিনশ’ সদস্যের এই অবৈধ সংসদ। তিনি বলেন, ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে। যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে।
সরকারকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ
লোকসমাজ ডেস্ক ॥ সরকারকে চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে অনিয়ম না করে নৌকা যদি পাস করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ করেন। কাদের সিদ্দিকী বলেন, এই দেশে কেউ চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না।
গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিন ’শ সদস্যের এই অবৈধ সংসদ। ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে।’ ঐক্যফ্রন্ট এমপিদের সমালোচনা করে তিনি বলেন, ‘যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে। রাজনীতিতে একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নাই।’
‘থার্টিফার্স্ট নাইটে ঘরে অনুষ্ঠান করা যাবে, নিরাপত্তা দেবে পুলিশ’
লোকসমাজ ডেস্ক ॥ থার্টিফার্স্ট নাইটে সুনির্দিষ্ট কোনও ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর ঘরের বাইরে কনসার্ট বা যেকোনও ধরনের অনুষ্ঠানের ওপর আমাদের নিষেধাজ্ঞা রয়েছে। তবে আপনারা ঘরের মধ্যে, হোটেলে বা বদ্ধ জায়গায় করতে পারবেন। সেক্ষেত্রে পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে।’ শনিবার (২৮ ডিসেম্বর) চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তি এবং দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাবেদ পাটোয়ারী বলেন, ‘থার্টিফার্স্ট পালনে টাইমিংয়ের ব্যাপারে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মিটিংয়ে নির্দেশনা দিয়ে দিয়েছেন।’ আইজিপি বলেন, ‘বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস যেমন: ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর পালনের সময় আমরা যেরকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, থার্টিফার্স্ট নাইটেও সেরকম নেবো।’ পুলিশ প্রধান বলেন, ‘থার্টিফাস্ট নাইটে সুনির্দিষ্ট কোনও ঝুঁকি না থাকলেও সম্ভাব্য যেকোনও ঝুঁকি মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা পুলিশের প্রত্যেকটি ইউনিটকে নির্দেশনা দিয়েছি, থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানগুলো যাতে সঠিকভাবে হতে পারে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
জাতিসত্তার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস
তৈমূর আলম খন্দকার
একটি জাতি ও একটি রাষ্ট্রকাঠামো গঠনের প্রকারভেদ এক নয়, এর জন্মগত ইতিহাস ও পদ্ধতি ভিন্নতর। একটি রাষ্ট্র গঠনের পেছনে আন্দোলন, সংগ্রাম, যুদ্ধবিগ্রহ, দখল, পুনর্দখল, কূটনৈতিক চাল, ঈমানদারি, বেঈমানি, বিশ্বস্ততা, বিশ্বাস ঘাতকতা প্রভৃতি জড়িত। বাংলাদেশ একটি রাষ্ট্র, কিন্তু এ ভূখণ্ডটি বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। যেমন- পাকিস্তান, ব্রিটিশ, মোগল সাম্রাজ্য প্রভৃতি। নিজ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা কখনো নিজ অস্তিত্ব বিলীন করে অন্য ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়া রাষ্ট্রের চারিত্রিক বৈশিষ্ট্য যুগ যুগ ধরে পৃথিবীতে চলে আসছে। শক্তি যার বেশি তার হাতেই বন্দী হয়েছে রাষ্ট্রীয় কর্তৃত্ব; নীতি, আদর্শ, মানবতা এখানে বাতুলতামাত্র। কিন্তু জাতি গঠনের বিষয়টি ভিন্নতর, যা এক দিনে সৃষ্টি হয় না বা হতে পারে না। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অনুশীলনের মাধ্যমে যে সংস্কৃতি ও ভাবধারা এলাকাভিত্তিক গণমানুষের মধ্যে গড়ে ওঠে, তা-ই জাতিসত্তা। যুদ্ধবিগ্রহ বা আন্দোলন-সংগ্রাম অথবা কূটকৌশলের মাধ্যমে ‘জাতির’ সৃষ্টি হয় না। একটি জাতি গঠন ও জাতিসত্তা একটি জনগোষ্ঠীর দীর্ঘ দিন অনুশীলনের ফসলমাত্র। ভৌগোলিক ভাবধারা ও জলবায়ু জাতিসত্তা গঠনে প্রভাব ফেলে, কিন্তু রাষ্ট্র গঠনে জাতিসত্তার একটি ব্যাপক প্রভাব রয়েছে।
রাষ্ট্র গঠনের বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু জাতি গঠিত হয় পারস্পরিক শ্রদ্ধাবোধ, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ থেকে। বাঙালি বা বাংলাদেশী জাতিসত্তার বিচার-বিশ্লেষণ করার জন্য ১৭৫৭, ১৯০৫, ১৯১১ এবং ১৯৪৭, ১৯৫২, ১৯৭০-৭১ সালসহ বর্তমান উপ-আন্তর্জাতিক (ভারতবর্ষ) পরিমণ্ডলকে বিশেষভাবে পর্যালোচনা করা দরকার। বাংলা ভাষা বাঙালিদের একক ভাষা হলেও ভাষাটির প্রকারভেদ বিভিন্ন জেলায় বিভিন্ন রকম। পার্বত্য এলাকার ভাষা প্রমিত বাংলা থেকে ভিন্নরূপ, যা সাধারণ একজন বাঙালির পক্ষে বোধোদয় হওয়া কষ্টকর। ভাষাভিত্তিক পাহাড়ি, বাঙালি, নৃগোষ্ঠী এবং ধর্মভিত্তিক হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, জৈন, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বী মিলেই বাংলাদেশ। জতিগত দ্বন্দ্ব পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও হয়েছে। বর্তমানে যা প্রকটভাবে হচ্ছে চীনের উইঘুর ও মিয়ানমারে এবং যা শুরু হয়েছে পাশের রাষ্ট্র ভারতে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি ক্ষুদ্র গোষ্ঠীকে নিঃশেষ করার মধ্য দিয়েই শুরু হয় গণহত্যা, যার বীজ বপন হয় বৈষম্যের মধ্য দিয়ে। ভারত উপমহাদেশের জাতিগত বৈষম্যের ইতিহাস অনেক দীর্ঘতর, যা বর্ণনা ইতিহাসবিদদের লেখনীতে পাওয়া যায়। প্রখ্যাত রাজনীতিবিদ মওলানা আবুল কালাম আজাদ প্রণীত ‘ভারত স্বাধীন হলো’ বইয়ে তিনি লিখেছেন- ‘এই সময়ে আমি তখনকার একজন বাঘা বিপ্লবীকর্মী শ্যামসুন্দর চক্রবর্তীর সংস্পর্শে আসি। ফলে আমি বিপ্লবী রাজনীতির দিকে ঝুঁকি ও ছোট ছোট উপদলের একটিতে ঢুকে পড়ি। সে সময় বিপ্লবী দলগুলোতে শুধু হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরই নেয়া হতো। সত্যি বলতে কি, বিপ্লবী দলগুলো তখন ছিল কায়মনোবাক্যে মুসলিমবিরোধী’ (সূত্র : ভারত স্বাধীন হলো, পৃষ্ঠা ১২)। জওয়াহেরলাল নেহরুকে লেখক বইটি উৎসর্গ করেছেন।
লেখকের অসিয়ত অনুযায়ী, তার মৃত্যুর ৩০ বছর পর বইটি প্রকাশ করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, দ্বিজাতিতত্ত্বের পক্ষে কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহর চেয়ে উচ্চবর্ণের হিন্দু নেতাদের দাবি ছিল জোরদার। সাম্প্রদায়িকতার প্রশ্নে ভারতের উচ্চবর্ণের হিন্দু এবং মিয়ানমারের বৌদ্ধদের ভূমিকা এক ও অভিন্ন। মিয়ানমার ও ভারতের নাগরিকত্ব আইন এবং চীনের উইঘুরে মুসলিম নিধন একই সূত্রে গাথা। রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমার থেকে বিতাড়িত করার প্রশ্নে চীন ও ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র বলে পরিচিত হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ বন্ধুরাষ্ট্রগুলোর কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন পায়নি। তার পরও এ জটিল সমস্যার বোঝা বাংলাদেশকে একাই বইতে হচ্ছে; যার সমাধানের জন্য বাংলাদেশের পাশে মুসলিম দেশগুলোই এগিয়ে এসেছে, ধর্মনিরপেক্ষ বা মানবতার নামধারী ভেটো পাওয়ায় ক্ষমতাপ্রাপ্ত রাষ্ট্রগুলো এগিয়ে আসেনি। তবে কেউ কেউ শুধু উদ্বেগ জানিয়েছে, যা শুধু ছিল লোক দেখানোর পার্শ্বক্রিয়া মাত্র। ১৭৫৭ সালে তৎকালীন কিছু উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তা, বিশেষ করে প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বেঈমানির কারণে ৬৫ হাজার সৈন্য থাকা সত্ত্বেও স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়ে ছিল ব্রিটিশের তিন হাজার ৫০০ সৈন্যের কাছে। সে দিন যদি বেঈমানি না হতো তবে ভারতবর্ষের ইতিহাস ভিন্নতর হতো। পৃথিবীতে ঈমানদারিত্বের চেয়ে বেঈমানির ইতিহাস অনেক বড়, যার কালিমা থেকে ভারতবর্ষ বাদ পড়ে না। জনসংখ্যার গুরুত্ব, শিক্ষাবিস্তারসহ গণমানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য তৎকালীন মুসলিম নেতৃত্ব বিশেষ করে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে গণদাবির মুখে ব্রিটিশ সরকার পূর্ববঙ্গ ও আসামকে যুক্ত করত : ঢাকাকে রাজধানী করে ১৯০৫ সালে একটি প্রদেশ গঠন করে। কিন্তু ভারতের উচ্চবর্ণের হিন্দুরা এ প্রদেশ মেনে নেয়নি। তাদের আন্দোলনের কারণে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেলে আবার পূর্ববঙ্গ ও আসাম রাজধানী কলকাতার অধীনে চলে যায়। ভারত স্বাধীনতা আইন ১৯৩৫ ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদন হওয়ার পরই ব্রিটিশ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ব্রিটিশ সহজভাবে ভারতের স্বাধীনতা মেনে নেয়নি।
ব্রিটিশ ভারতকে লুট করেছে, ভারতীয় সংস্কৃতিতে পশ্চিমা সংস্কৃতি অনুপ্রবেশ ঘটিয়েছে, খান বাহাদুর, রায় বাহাদুর, স্যার, নানা ধরনের উপাধি দিয়ে ব্রিটিশরা ভারতীয় হিন্দু-মুসলমানের মধ্যে দালালশ্রেণী সৃষ্টি করে, ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি অনুসরণ করে বৈষম্যের আনুষ্ঠানিক প্রচলন এ দেশে জন্ম দিয়েছে। সবচেয়ে বড় কথা এই যে, জনস্বার্থবিরোধী একটি আমলাতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে ব্রিটিশ সরকার যার ধারাবাহিকতা এখনো চলমান। আমাদের রাষ্ট্র স্বাধীন হয়েছে (১৯৪৭ ও ১৯৭১) দুইবার, কিন্তু আমলাতান্ত্রিক রীতিনীতি ব্রিটিশের প্রভাবেই প্রভান্বিত, চারিত্রিক বৈশিষ্ট্য, দেশপ্রেম ও মর্যাদাবোধ এখনো পরাধীনতার মানসিকতারই চলছে, ফলে আগে এ দেশ ও জাতি শোষিত হয়েছে ব্রিটিশ, পাকিস্তানি দিয়ে, এখন নিজেদের মধ্যেই শোষক শ্রেণীর সৃষ্টি হয়েছে। ‘হাত মে বিড়ি, মুখ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান’ সেøাগানে উজ্জীবিত জনগণ ১৯৪৭ সালে পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র পেল বটে, কিন্তু পাকিস্তানি রাষ্ট্রনায়কদের শোষণ-শাসনে অতিষ্ঠ হয়ে আবার সেøাগান উঠল- ‘লাখো ইনসান ভুখা হ্যায়, এ আজাদি ঝুটা হায়।’ পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের সেøাগান উঠল- ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা।’ এ সেøাগানগুলোর পেছনের মূল কারণ ছিল বৈষম্য, যে বৈষম্য আনুষ্ঠানিকভাবে বর্তমানে কার্যকর হচ্ছে বন্ধুরাষ্ট্র ভারতে। জাতিগত বৈষম্যের মূল নায়ক ভারত সরকার স্বয়ং। তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতীয় জনগণের ভূমিকা প্রশংসনীয়। যেমন- বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকা পাকিস্তান সরকারকে সমর্থন করলেও জনগণ ছিল স্বাধীনতাকর্মীদের পক্ষে। ফলে জনগণ ও সরকারের চিন্তা এক ও অভিন্ন তা বলা যাবে না। বরং শোষণ-বৈষ্যম্যের বিরুদ্ধে জনগণই সঠিক পথের দিকনির্দেশক এবং সর্বশেষ জয়ের মালা যাদের গলায় শোভাবর্ধন করেছে, তারাই হলো জনগণ। তবে এর মধ্য দিয়ে স্বার্থান্বেষী মহল, সুবিধাবাদী ও সুবিধাভোগীরা যে যতটুকু পারে, ততটুকুই জনস্বার্থ লুট করে নিয়ে গেছে।
ইতিহাসের পেছনে তাকালে দৃশ্যমান হয় যে, মোদি ও অমিত শাহ নেতৃত্বাধীন ভারতে এখন যা ঘটছে তা হলো দ্বিজাতিতত্ত্বের বাস্তবায়ন। মুসলিম লিগের উদ্যোগে ১৯৪০ সালে লাহোর প্রস্তাবে ‘টু ন্যাশন থিওরি’ অর্থাৎ দ্বিজাতিতত্ত্ব পাস করে। কিন্তু ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পরই হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি ওঠে ১৯০৮ সাল থেকেই। মুসলমান ও ক্রিশ্চিয়ানদের ভারত থেকে বের করে দেয়ার যুক্তি দিয়ে সাম্প্রদায়িক গবেষক বিনায়ক দামোদর সভারকার ১৯২৩ সালে ‘হিন্দুত্ব’ বইটি প্রকাশ করেন। সে ধ্যান-ধারণাকে লালন করে শুধু মুসলিম নিধনের জন্য ভারতের এই এনআরসি উদ্যোগ। কেউ কেউ স্মৃতি ভুলে গেলেও অতীত তো ইতিহাসের পাতায় লেখা থাকে। ইতিহাস ভুলে যাওয়ার কথা নয়, তবে অতীত থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। স্মৃতিকে ভুলে যাওয়াকে একটি রোগ উল্লেখ করে বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন ডিমেনশিয়া। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এ রোগীর সংখ্যা ১০ লাখ, ২০৫০ সালে পৃথিবীতে এ রোগীর সংখ্যা দাঁড়াবে ১৫ কোটিরও বেশি। বিশেষজ্ঞদের মতে, মোট জনসংখ্যার একটি অতি ক্ষুদ্র অংশ অতীত ভুলে যায় স্মৃতিশক্তি নষ্ট হওয়ার কারণে, কিন্তু মূল জনস্রোত কিন্তু ইতিহাস ভোলার কথা নয়। অতীতকে জানার সুযোগ মানুষের রয়েছে, কিন্তু ভবিষ্যৎকে জানার বা দেখার কোনো সুযোগ নেই। কারণ সৃষ্টিকর্তা জোর দিয়েই বলেছেন, ‘গায়েব’কে জানার জ্ঞানের একমাত্র মালিক তিনি, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা; কুরআনের ভাষায় ‘আলিমুল গায়েব’। ভবিষ্যৎ সম্পর্কে কেউ যদি জানত, তবে কেউই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় নিজেকে অধিষ্ঠিত করত না। বাংলাদেশে যারাই রাষ্ট্রীয় ক্ষমতার স্বাদ ভোগ করেছে, তাদের পরিণত সুখকর হয়নি। প্রতিহিংসাপরায়ণ এবং প্রতিপক্ষকে অত্যাচার-নির্যাতনের মানসিকতাপূর্ণ এ সমাজব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতার ইতিহাস খুবই করুণ এবং নির্মম।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খুন হয়েছেন দুইজন রাষ্ট্রপতি (বঙ্গবন্ধু শেখ মুজিব ও শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়া)। ক্ষমতা হারিয়ে কারাবন্দী হয়েছেন রাষ্ট্রপতি এরশাদ। জাতীয় সংসদের মাধ্যমে অপসারিত হওয়ার আশঙ্কায় পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি বি. চৌধুরী। প্রভাবশালী দুই নারী প্রধানমন্ত্রী কারাবন্দী হয়েছেন, যার মধ্যে একজন এখনো কারাভোগ করছেন। প্রভাবশালী এমন কোনো মন্ত্রী নেই, যারা কারাভোগ করেননি। যারা ঠুঁটো জগন্নাথ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছিলেন তাদের কারাভোগ করতে হয়নি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনেকেই ক্ষমতা হারিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পুলিশের পিটুনি খেয়েছেন, তারা হলেন- মোহাম্মদ নাসিম, মতিন চৌধুরী, আলতাফ চৌধুরী ও বাবর। গলাধাক্কা খেয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা দেশত্যাগে বাধ্য হয়েছেন, বর্তমানে দুদক মামলায় কারাগার তাকে ডাকছে, যদিও দুদককে তিনিই শক্তিশালী করে দিয়েছেন। তার মতে, রাজনীতিবিদরা সবাই দুর্নীতিবাজ। যে রায় প্রদানের কারণে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হলেন, সেই রায়ে সব বিচারপতি স্বাক্ষরদাতা হলেও সিনহাকে বাঁচানোর জন্য তার সহকর্মী বিচারপতিরা এগিয়ে আসেননি, বরং মুখ ফিরিয়ে নিয়েছেন। এ দেশে ক্ষমতাভোগীদের ভাগ্যের নির্মম পরিহাস- কখন কী হয়, তা কেউই আঁচ করতে পারে না। ৩০ টাকার ইফতারি কখন কার ভাগ্যে জোটে, তা বলা যায় না। কখন কে কারাগারে রাজার হালে থাকে বা থাকবে তা ও অনিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি নির্মম সত্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বঙ্গবন্ধু লাশ যখন সিঁড়িতে পড়ে ছিল, তখন দলের এত নেতাকর্মী ছিল কোথায়? বাঙালি বা বাংলাদেশী জাতিসত্তা লাইনচ্যুত হয়ে কি খাদের কিনারে, নাকি নীড়হারা পাখির মতো শুধু উন্নয়নের আকাশে উড়ে বেড়াচ্ছে, নাকি পথের সন্ধান পেয়ে গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে- বিষয়গুলো অনেক অনেক প্রণিধানযোগ্য। ইট-সিমেন্টের উন্নয়ন দিয়ে জাতিসত্তার মর্যাদার মাপকাঠি নিরূপণ করা যায় না। ‘উন্নয়ন কারো সমষ্টিগত মর্যাদা, সম্মানবোধ, পারস্পরিক শ্রদ্ধা জমাটবদ্ধ করে না। ফলে বর্তমানে ‘জিরো টলারেন্স’ নামক একটি কালচার আবিষ্কার হয়েছে, যা আদর্শিকভাবে প্রয়োগ না হয়ে ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমান জাতিসত্তা শুধু ক্ষমতার পাশে থাকতে চায়, আদর্শের পক্ষে নয়, ব্যতিক্রম যা রয়েছে তা জনস্রোতের একটি ক্ষুদ্র অংশ যাদের গলায় আওয়াজ রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের কর্ণকুহরে পৌঁছায় না। ফলে সর্বত্রই চলে রাজার জয়গান। ‘সত্য’ যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। এটাও প্রমাণিত হয়েছে, সময় যখন খারাপ হয় তখন ভুক্তভোগীই বুঝতে পারে সে কতটুক অসহায় (!)
লেখক : চেয়ারম্যান, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন
E-mail: taimuralamkhandaker@gmail.com
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল
লোকসমাজ ডেস্ক ॥ সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগরের কাছে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা রাজু, রহিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন চারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্তি না দেয়ার উদ্দেশ্যই হলো-তাকে শারীরিক অসুস্থতায় রেখে জীর্ণ করতে করতে প্রাণ বিপন্ন করা। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন, আদালত, বিচার সবকিছু হাতের মুঠোয় নিয়েছেন। জনগণের দাবি উপেক্ষা করে গুরুতর অসুস্থ বেগম জিয়াকে তার পছন্দ মতো কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতেও বাধা দেয়া হচ্ছে। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্বেও বেগম জিয়ার প্রতি সরকারের নিষ্ঠুর আচরণে আজ দেশবাসী চরম ক্ষুদ্ধ। তিনি বলেন, দখলদার প্রধানমন্ত্রী নিজের ক্ষমতাকে কন্টকমুক্ত করতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে দিতেও কুন্ঠিত হচ্ছেন না। বর্তমানে দেশের স্বাধীনতা যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশী হুমকির মুখে। নিজেদের স্বেচ্ছাচারী কাজে কেউ যাতে জবাবদিহিতা না চায় সেজন্যই তারা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। বেপরোয়া সরকার জনগণের কোন দাবিকেই আমলে না নিয়ে জনগণকে বন্দী করে রাখতেই অগণতান্ত্রিক দুঃশাসন অব্যাহত রেখেছে। রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করে বিনা চিকিৎসায় আপনি অমানবিক কষ্ট দিচ্ছেন, আর কষ্ট না দিয়ে তাকে নিঃশর্ত মুক্তি দিন। আমি আবারো অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঢাকা সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাছাইয়ে বিএনপির কমিটি গঠন
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই কমিটি গঠন করেছে দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে প্রধান সমন্বয়ক করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামকে প্রধান সমন্বয়কারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর বাছাই কমিটি করা হয়। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা সিটি উত্তর এর বাছাই কমিটির অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা এম এ কাইয়ুম, বজলুল বাসিত আঞ্জু, আহসান উল্লাহ আহসান, সুলতান আহমেদ। ঢাকা সিটি দক্ষিণে বাছাই কমিটির সদস্যরা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজহান, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা আবুল বাসার ও নবী উল্লাহ নবী। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের বাছাইেয় জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানকে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেবা খান, এ্যাডভোকেট নিপুন রায় ও মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের সভানেত্রী। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান নয়া দিগন্তকে বলেন, আগামীকাল রোববার সকাল নয়টায় গুলশানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের বাছাই কার্যক্রম শুরু হবে এবং একই সময় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিনের কাউন্সিলর বাছাই কার্যক্রম শুরু হবে।
দুর্দান্ত ব্যাটিংয়েও কুমিল্লাকে জেতাতে পারেননি সৌম্য
লোকসমাজ ডেস্ক ॥ চার দিনের ব্যবধানে বঙ্গবন্ধু বিপিএলে আবারও কুমিল্লা ওয়ারিয়র্সকে হারালো রাজশাহী রয়্যালস। শোয়েব মালিক ও আন্দ্রে রাসেলের ঝড়ই তাদের ১৫ রানে জয়ের মূল অনুঘটক। গত মঙ্গলবার এই দলকেই ৭ উইকেটে হারিয়েছিল রাজশাহী। মিরপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কুমিল্লা। যদিও এই সিদ্ধান্ত গেছে রাজশাহীর পক্ষে। ৪ উইকেটে ১৯০ রান করে তারা। জবাবে চারে নেমে সৌম্য সরকার আক্রমণাত্মক ব্যাটিং করেও ঝিমিয়ে পড়া কুমিল্লার রানের গতিটা তুলতে পারেননি। ৪ উইকেটে ১৭৫ রান পর্যন্ত যেতে পারে তারা। লিটন দাস ও আফিফ হোসেনের ৫৬ রানের জুটিতে শুরুটা দারুণ করে রাজশাহী। দুই ওপেনারের মধ্যে আফিফই ভালো করেছেন। কুমিল্লার বিপক্ষে আগের যুগ্মভাবে ম্যাচসেরা খেলোয়াড় ৩০ বলে ৪৩ রান করেন ৬ চার ও ১ ছয়ে। ১৯ বলে ২৪ রানে কুমিল্লার প্রথম শিকার হন লিটন।
রবি বোপারা (১০) ব্যর্থ হলেও মালিকের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন রাসেল। ২১ বলে ৪টি ছয়ে ৩৭ রানে অপরাজিত থাকেন রাজশাহীর অধিনায়ক। ৩৫ বলে হাফসেঞ্চুরি করা মালিক ইনিংসের শেষ বলে রান আউট হন, পাকিস্তানি ব্যাটসম্যান ৩৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন। কুমিল্লার পক্ষে একটি করে উইকেট নেন মুজিব-উর-রহমান, সানজামুল ইসলাম ও সৌম্য। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও অধিনায়ক ডেভিড মালান (৩) এ দিন ছিলেন নিষ্প্রভ। সৌম্য ৩৬ বলে ৩ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেন, কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। ৪৮ বলে ৫ চার ও ৬ ছয়ে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। রাসেল, মোহাম্মদ ইরফান ও ফরহাদ রেজার মতোই একটি উইকেট নেন মালিক। মালানের ক্যাচও নেন তিনি। তাতে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি তারকা। এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রাজশাহী। দুই ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (১২)।
সন্ত্রাস-দুর্নীতি সমাজকে বিপর্যস্ত করে রেখেছে: জিএম কাদের
লোকসমাজ ডেস্ক ॥ স্বাধীনতার পূর্ণ সুফল মানুষ ভোগ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। সহমর্মিতা ও সহনশীলতার রাজনৈতিক প্রবণতা ধীরে ধীরে কমে আসছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক এখনও সমাজ জীবনকে বিপর্যস্ত করে রেখেছে।’ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলটির নবম সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে কাউন্সিলরদের কণ্ঠভোটে দলীয় গঠনতন্ত্র সংশোধন করে জাপার প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এরশাদের স্ত্রী রওশন এরশাদকে দলের প্রধান পৃষ্ঠপোষক করা হয়। তবে, সম্মেলনে উপস্থিত ছিলেন না রওশন এরশাদ। তিনি কেন আসেননি, তা নিয়ে জাপার চেয়ারম্যান, মহাসচিব বা প্রেসিডিয়াম সদস্যদের কেউ কিছু বলেননি। তবে, সম্মেলনে একপর্যায়ে দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার বক্তব্যে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা দেন। তখন উপস্থিত নেতাকর্মীরা তাকে দালাল-দালাল বলে সম্বোধন করেন। এসময় আনিসুল ইসলাম বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা করছি।’
জাপার সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে একমাত্র উপস্থিত ছিলেন দলটির জোটসঙ্গী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের অর্থনৈতিক মুক্তি এখনও আসেনি অভিযোগ করে জিএম কাদের বলেন, ‘আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে।’ জাতীয় পার্টি প্রতিষ্ঠার পর এই প্রথম দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই সম্মেলন হচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘তাকে ছাড়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই শূন্যতা শুধু এই সম্মেলনেই বিরাজ করছে না, গোটা দেশ ও জাতি তার অভাব অনুভব করছে। এরশাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।’
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে জিএম কাদের বলেন, ‘তিনি এই বাংলাদেশ সৃষ্টি করে আমাদের একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। আমি স্মরণ করছি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীকেও।’ ঐতিহাসিক প্রয়োজনে জাপার প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে দলটির চেয়ারম্যান বলেন, ‘সে পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে দেশের জন্য ঐতিহাসিক দায়িত্ব পালনের লক্ষ্যে প্রত্যেক নেতা-কর্মী-সমর্থককে প্রস্তুত হতে হবে। সেই পথ চলার একপর্যায়ে অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এখান থেকে অঙ্গীকার নিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে হবে। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।’
জাপা নেতিবাচক রাজনীতি করে না বলে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমাদের অতীতের সফলতা এখনও জাতি স্মরণ করে। জাতি হতাশা থেকে মুক্তি চায়, জাতি স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা, সুস্থ-স্বাভাবিক সামাজিক পরিস্থিতি চায়। দেশবাসী মনে করে, তাদের এই প্রত্যাশা পূরণ করতে পারে জাপা। অতীতের ৯ বছরে আমরা তার প্রমাণ দিয়েছি।’ এ সময় জিএম কাদের ১৮ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, বিচার বিভাগের স্বাধীনতা/বিকেন্দ্রীকরণ, ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়া, কৃষকের কল্যাণ সাধন, সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা, সারা দেশে পর্যায়ক্রমে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ফসলি জমি সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা পদ্ধতির সংশোধন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, সড়ক নিরাপত্তা, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা, পল্লি রেশনিং চালু করা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।
সম্মেলনে দলের প্রধান পৃষ্ঠপোষক ছাড়াও গঠনতন্ত্র সংশোধন করে ৭টি কো-চেয়ারম্যান, ৮টি অতিরিক্ত মহাসচিবের পদ সৃষ্টি করা হয়। এছাড়া তরুণ পার্টি, মোটর শ্রমিক পার্টি ও হকার্স পার্টিকে দলের অঙ্গ সংগঠনের মর্যাদা দেওয়া হয়। তবে, জাপার কেন্দ্রীয় কমিটি কত সদস্যবিশিষ্ট হবে, তা জানানো হয়নি। সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, সাহিদুর রহমান, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ টি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রত্না, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, মুজিবর রহমান সেন্টু, সফিকুল ইসলাম সেন্টু, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফখরুজ্জামান জাহাঙ্গীর, মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ দিদার বখত, নাজমা আখতার, আব্দুস সাত্তার মিয়া, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, লিয়াকত হোসেন খোকা, সেলিম ওসমান প্রমুখ।
হাসপাতালেই তদন্ত কমিটির মুখোমুখি নুর
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত কমিটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অনুসন্ধান করেছে। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার কিছু পরে তদন্ত কমিটির সদস্যরা নুরের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভিপি নুর বলেন, ‘বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা ওইদিনের হামলার বিষয়ে জানতে চেয়েছেন।’ তদন্ত কমিটি গঠন নিয়ে মন্তব্য করে নূর বলেন, ‘ঘটনা ঘটার পরে এরকম তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু ব্যবস্থা নিতে আমরা দেখি না।’
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলার ঘটনা তদন্তে ঘটনার পরদিন গত ২৩ ডিসেম্বর ছয় সদস্যের এ কমিটি গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনা তদন্ত করে কমিটিকে ছয় কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়। হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ উল্লেখ করে দেওয়া বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ কমিটির অন্য সদস্যরা হলেন–শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ সুপ্রিয়া সাহা, সিনেট সদস্য অসীম সরকার, ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. মহিউদ্দিন, সিন্ডিকেট সদস্য মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাঈনুল করিম। প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনে নিজ কক্ষে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর গায়েব হয়ে গেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। কারা এই ফুটেজ নিয়ে গেছে প্রশাসনসহ কেউ বলতে পারছে না। হামলার সঙ্গে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ভিপি নুরের। তবে প্রথম দিন থেকেই ছাত্রলীগ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। এ ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে।









