লোকসমাজ ডেস্ক ॥ সাংবাদিকরা এখন কর্মচারীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইন্ডাস্ট্রি ওয়ালারা। মিডিয়াগুলো এখন আর সাংবাদিকদের হাতে নেই। মিডিয়াগুলো চলে গেছে ইন্ডাস্ট্রি ওয়ালাদের কাছে। সাংবাদিকরা এখন কর্মচারীতে পরিণত হয়েছেন। মাহবুবে আলম বলেন, সাংবাদিকরা রুটি রুজির জন্য কাজ করে না তারা প্রাণের তাগিদে সত্য উদঘাটনের জন্য কাজ করেন। বর্তমান সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলো এমন কিছু মালিকের হাতে চলে গেছে যাদের কৃষ্টি-কালচার ও সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই। তারা সাংবাদিকতা বোঝে না। মিডিয়া হাউজগুলো করপোরেট অফিসে পরিণত হয়েছে এ কারণে প্রতিনিয়ত সাংবাদিকরা চাকরি হারাচ্ছেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আইনজীবী আর সাংবাদিকদের কাজ প্রায় একই ধরণের। আইনজীবীদের বিভিন্ন সংগঠন আছে। তারা সংগঠনগুলো থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সাংবাদিকরাও এরকম সংগঠন করতে পারেন। সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড চালু হয়েছে। সাংবাদিক ও মালিকদের একান্ত সহযোগিতায় এটি বাস্তবায়িত হলে তারাও এর সুফল পাবেন বলে আশা প্রকাশ করেন মাহবুবে আলম।এ সময় তিনি উল্লেখে করেন, একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে কোনো এলাকার একজন থাকলে ওই প্রতিষ্ঠানে পিয়ন থেকে শুরু করে সব পদে ওই এলাকার মানুষ চাকরি পেয়ে যান। এতে অন্য জেলার মানুষ বঞ্চিত হয়। এটাকে আমি কুফল হিসেবে দেখি। সুফল সেই প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব এলাকার মানুষ এক হয়ে কাজ করেন।
এবার নুর-রাশেদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
লোকসমাজ ডেস্ক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। গত ২৬ ডিসেম্বর মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক অর্ণব হোড়। শনিবার (২৮ ডিসেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে।’ মামলাটি ২৬ ডিসেম্বর নথিভুক্ত করা হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ‘আমরা মামলাটি তদন্ত করছি। তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’ মামলা দায়েরকারী অর্ণব হোড় বলেন, ‘হামলার দিন নুর ও রাশেদ ফেসবুক লাইভে এসে গুজব ছড়ায়। এছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়েছে।’
প্রসঙ্গত, গত রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসু ভবনে নিজ কক্ষে ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর গায়েব হয়ে গেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। কারা এই ফুটেজ নিয়ে গেছে প্রশাসনসহ কেউ বলতে পারছে না। হামলার সঙ্গে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ ভিপি নুরের। তবে প্রথম দিন থেকেই ছাত্রলীগ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। এ ঘটনার সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা জড়িত বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে। হামলা ও মারধরের অভিযোগ এনে নুরসহ ২৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অভিযোগটি দায়ের করেন ডিএম সাব্বির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর আগে ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুর একটি অভিযোগপত্র দেন শাহবাগ থানায়। এটিও মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।
কামিন্স-তোপের পর অস্ট্রেলিয়ারই দিন
আইপিএলের নিলামে বিক্রি হয়েছেন সাড়ে ১৫ কোটি রুপিতে। কলকাতা নাইট রাইডার্স প্যাট কামিন্সের জন্য এত টাকা কেন ঢালল, তারই প্রমাণ মিলছে মেলবোর্ন টেস্টে। মাত্র ২৮ রান দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবার পেয়েছেন ৫ উইকেট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি বিদেশির ‘ট্যাগ’ লাগা পেসারের তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড। বড় লিডে দ্বিতীয় ইনিংস শুরু করে সংগ্রহটা কিউইদের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ৪৬৭ রানে। এরপরই শুরু কামিন্সের তোপ। তার বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৭ রান করে লিড নিয়েছে ৪৫৬ রানের, হাতে আছে আরও ৬ উইকেট।
দ্বিতীয় দিনেই নড়বড়ে লেগেছিল প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা কিউইদের। তৃতীয় দিনের শুরুতে সেটা স্পষ্ট করে দেয় কামিন্সের তোপ। পরপর দুই বলে রস টেলর (৯) ও হেনরি নিকোলসকে (০) ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। সেটা না হলেও সফরকারীদের টপ অর্ডার ধসিয়ে দিয়েছিলেন ঠিকই। কিউইদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারের শিকার। ভেঙে দেন হাফসেঞ্চুরিয়ান টম ল্যাথামের (৫০) প্রতিরোধ, পরে টিম সাউদিকে (১০) তুলে পেয়ে যান পঞ্চম উইকেট। কামিন্সের সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসন। আগের দিন কেন উইলিয়ামসনকে আউট করে উইকেটের খাতা খোলা প্যাটিনসন আজ ফিরিয়েছেন বিজে ওয়াটলিং (৭) ও মিচেল স্যান্টনারকে (৩)। ৩৪ রানে তার ৩ উইকেট। আর ২ উইকেট পাওয়া স্টার্কের শিকার কলিন ডি গ্র্যান্ডহোম (১১) ও ট্রেন্ট বোল্ট (৮)।
কিউইদের গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন ডেভিড ওয়ার্নার ও জো বার্নস। তাদের উদ্বোধনী জুটিটা ৬২ রানের। ৩৮ রানে ওয়ার্নারকে আউট করে জুটিটা ভাঙেন নিল ওয়াগনার। ২০১৯ সালে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো মার্নাস লাবুশেনের বছর শেষ হয় দুঃখজনক রান আউটে। ১৯ রান করেছেন তিনি। আরেক ওপেনার বার্নসকে (৩৫) প্যাভিলিয়নে ফেরান বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। স্টিভেন স্মিথকে এই টেস্টের পর হয়তো আরও ‘পড়াশোনা’ করতে হবে ওয়াগনারকে নিয়ে। আবারও যে এই বাঁহাতির শিকার তিনি। চলতি সিরিজে খেলা চার ইনিংসেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক আউট হয়েছেন ওয়াগনারের বলে। আরেকবার শর্ট বলে স্মিথকে (৭) বোকা বানিয়ে কিউই পেসার ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক। স্যার রিচার্ড হ্যাডলির পর নিউজিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম ২০০ উইকেটের মালিক ওয়াগনার। স্বাগতিকদের বিপদ আর বাড়তে দেননি ম্যাথু ওয়েড (১৫*) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান হেড (১২*)। ২০০ উইকেট পাওয়া ওয়াগনারই দিন শেষে কিউইদের সফলতম বোলার। ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট। আর ২২ রান খরচায় স্যান্টনার পেয়েছেন ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৪৬৭ ও দ্বিতীয় ইনিংসে ৪৫ ওভারে ১৩৭/৪ (ওয়ার্নার ৩৮, বার্নস ৩৫, লাবুশেন ১৯, ওয়েড ১৫*, হেড ১২*; ওয়াগনার ২/৩৯, স্যান্টনার ১/২২)।
নিউজিল্যান্ড: প্রথম ইনিংসে ৫৪.৫ ওভারে ১৪৮ (ল্যাথাম ৫০, ওয়াগনার ১৮* ব্লান্ডেল ১৫, ডি গ্র্যান্ডহোম ১১, সাউদি ১০; কামিন্স ৫/২৮, প্যাটিনসন ৩/৩৪, স্টার্ক ২/৩০)।
ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার হবে : সিইসি
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে শনিবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সেই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিইসি আশাবাদ ব্যক্ত করেন যে ঢাকার দুই সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে। ইভিএম প্রযুক্তি নিয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে নুরুল হুদা বলেন, ‘বদিউল আলম মজুমদার ইভিএম প্রযুক্তি সম্পর্কে মন্তব্য করার মতো উপযুক্ত ব্যক্তি নন। যদি নির্বাচন কর্মকর্তারা এ ইভিএম বিষয়ে অভিযোগ করেন তাহলে তা খতিয়ে দেখা হবে।’ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম পাওয়া নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন, আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।’ ব্যক্তিগত সফরে ২৬ ডিসেম্বর পটুয়াখালীর বাউফলে যান সিইসি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তিনি শনিবার বরিশালে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের নানা দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন। সূত্র : ইউএনবি।
সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৬১ জন
লোকসমাজ ডেস্ক ॥ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় নিহত বেড়ে ৬১ জন হয়েছে। শনিবার শহরের একটি ব্যস্ত চেকপোস্টে এই বিস্ফোরণে বহু মানুষ আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে আল-কায়েদার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জঙ্গিগোষ্ঠী আল শাবাব প্রায়ই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে।
সবার জন্য চাকরি নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: কাদের
লোকসমাজ ডেস্ক ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে প্রত্যেকের জন্য চাকরি নিশ্চিত করা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা জানিয়ে তিনি বলেন, ‘দলের অন্য চ্যালেঞ্জগুলো হলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ।’ এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। কাদের বলেন, ‘আবহাওয়ার কারণে টুঙ্গিপাড়া সফর বাতিল করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেদিনই এ সফরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’ গত ২১ ডিসেম্বর দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৪২টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন নবমবারের মতো দলের সভাপতির দায়িত্ব দেয়া হয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। আর দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। সূত্র : ইউএনবি।
কানেরিয়া ইস্যুতে চটেছেন পাকিস্তানের সাবেকরা
লোকসমাজ ডেস্ক ॥ পাকিস্তান ক্রিকেট দলে সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সাথে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে- শোয়েব আখতার যে দাবি করেছেন তা উড়িয়ে দিয়েছে দলটির সাবেক তারকা ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক ইনজামাম উল হক, শহীদ আফ্রিদি ও ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায়ই খ্রিস্টান থেকে মুসলমান হওয়া মোহাম্মাদ ইউসুফ এই বক্তব্যের তীব্র বিরোধীতা করেছেন। এক ইউটিউব ভিডিওতে ইনজামাম উল হক বলেছেন, পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারকে সমান দৃষ্টিতে দেখা হয়। অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। ইনজি বলেন, ‘দানিশ কানেরিয়া আমার অধিনায়কত্বেই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। দলে অমুসলিম হওয়ার কারণে কাউকে ভিন্ন চোখে দেখা হচ্ছে এমনটি কখনো ঘটেনি। এত ছোট হৃদয়ের মানুষ আমরা নই। কেউ এমন অভিযোগ করলেও বিশ্বাস করবো না।
বিগম্যান আরো বলেন, যখন আমরা শারজাহ’র মত জায়গাগুলোতে সফরে যেতাম- প্রায়ই ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা একই হোটেলে থাকতাম। সেখানে প্রায়ই দেখতাম দুই দেশের খেলোয়াড়রা একে অন্যের রুমে গল্প-আড্ডা দিচ্ছে, এক সাথে খাচ্ছে। সাবেক এই অধিনায়ক বলেন, (তারকা লেগস্পিনার) মোশতাক আহমেদ শৈশব থেকে আমার খুব ভালো বন্ধু ছিলেন; কিন্তু আমার নেতৃত্বের সময়ই তাকে বাদ দিয়ে কানেরিয়াকে দলে নিয়েছি ভবিষ্যতের কথা চিন্তা করে। কাজেই শুধু নামাজ পড়লে দলে নেয়া হয় এই কথা কোন ভিত্তি নেই।
পাকিস্তান দলের আরেক সাবেক অধিনায়ক ও দানিশ কানেরিয়ার টিমমেট শহীদ আফ্রিদিও এই অভিযোগের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছন। কখনোই ধর্মের ভিত্তিতে কানেরিয়ার সাথে বৈষম্যমূলক আচরণ করার ঘটনা ঘটেনি বলে জোর দিয়ে বলেছেন আফ্রিদি। তিনি বলেন, কানেরিয়ার সাথে বিভিন্ন পর্যায়ে একসাথে ক্রিকেট খেলেছি দীর্ঘদিন। কখনোই এমন কিছু ঘটতে দেখিনি বা শুনিনি। এদিকে শোয়েব আখতারের অভিযোগের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ ইউসুফ। তিনি নিজেও ক্যারিয়ারের শুরুতে অমুসলিম ছিলেন। ২০০৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ইউসুফ ইউহানা থেকে হয়ে যান মোহাম্মাদ ইউসুফ। এই ব্যাটিং লিজেন্ড নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, পাকিস্তান দলে সংখ্যালঘু ক্রিকেটারদের সাথে আচরণ বিষয়ে যে অভিযোগ তোলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আমি ওই দলের একজন সদস্য ছিলাম। দল, সমর্থক ও কর্মকর্তা- সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি ক্যারিয়ারে দীর্ঘ সময়ে। কয়েকদিন আগে শোয়েব আখতার এক টিভি টকশোতে বলেছেন, হিন্দু হওয়ার কারণে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সাথে প্রায়ই বৈষম্যমূলক আচরণ করা হতো। তার সাথে একই টেবিলে খেতে বসতে চাইতো না অনেক ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ৬১ টেস্টের ক্যারিয়ারে ২৬১ উইকেট নিয়েছিলেন লেগস্পিনার দানিশ কানেরিয়া। ১৮ ওয়ানডেতে নিয়েছেন ১৫ উইকেট। ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১০ সালে তিনি নিষিদ্ধ হন। পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আরেক হিন্দু ক্রিকেটার অনিল দলপত’র নিকটাত্মীয় দানিশ কানেরিয়া।
ঢাবি ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পেশি শক্তিধরদের ক্যাম্পাস নয়, সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। তাই যারা ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের ঠাঁই ঢাবিতে হবে না বলে হুশিয়ারি দিয়েছেন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতারা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে আয়োজিত ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে’ আয়োজিত পদযাত্রায় নেতারা এসব কথা বলেন।
পদযাত্রায় ছাত্র নেতারা বলেন, ঢাকসু ভবনে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ভিপি নূর ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা করে প্রমাণ করেছে তারা ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চায়। এখানে শুধু ছাত্র নেতারা নন সাধারণ শিক্ষার্থীরাও কীভাবে নিরাপদ থাকবেন সেটাও এখন প্রশ্ন হয়ে উঠেছে। একই সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছত্র-ছায়ায় ক্যাম্পাসে সন্ত্রাসী ও দখলদারিত্বের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন। এর আগে ঢাবি ক্যাম্পাসে ১২টি সংগঠনের সমন্বয়ে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ ঘোষণা করা হয়। সংগঠনগুলোর মধ্যে রয়েছে, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদি), বিপ্লবি ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবি ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট, ছাত্র গণমঞ্চ।
আঙুলের চোটে দেশে ফিরতে হচ্ছে বোল্টকে
লোকসমাজ ডেস্ক ॥ অস্ট্রেলিয়া সফরে দুর্দশা কাটছে না নিউজিল্যান্ডের। আরেকটি ধাক্কা খেলো তারা ট্রেন্ট বোল্টকে হারিয়ে। আঙুলের চোটে দেশে ফিরে যেতে হচ্ছে বাঁহাতি পেসারকে। সেরে উঠতে চার সপ্তাহ লাগবে, স্বভাবতই সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাংশপেশীর চোটে পড়েছিলেন বোল্ট। সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট মিস করেন তিনি। তার বদলে পার্থের দিবা-রাত্রির ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় লকি ফার্গুসনের। কিন্তু কাফ ইনজুরিতে মাত্র ১১ ওভার বল করে শুধু ম্যাচ থেকে নয়, অস্ট্রেলিয়া সফরই শেষ হয়ে যায় ডানহাতি পেসারের।
২৯৬ রানে পার্থ টেস্ট হারের পর কিউইরা দ্বিতীয় টেস্টে নামার আগে পায় খুশির খবর। কিউই ক্যাম্পে আত্মবিশ্বাস ফেরে বোল্ট ফেরায়। যদিও সেই আনন্দ স্থায়ী হয়নি। মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ডান হাতের আঙুল সরে যাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে বোল্টের। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে মিচেল স্টার্কের একটি বল তার আঙুলে আঘাত করে। পরে আজ তৃতীয় দিনের চা বিরতির সময় করা এক্স-রে রিপোর্টে নিউজিল্যান্ড ক্রিকেট নিশ্চিত হয়েছে, চিড় ধরেছে বোল্টের আঙুলে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র নিশ্চিত করেছেন বিষয়টি, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে বোল্টের ডান হাতের একটি আঙুলে চিড় ধরেছে। চা বিরতির সময় করা এক্স-রে রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে, তার সরে যাওয়া আঙুল ঠিক হতে চার সপ্তাহ সময় লাগবে। বোল্টের বদলির নাম পরে জানানো হবে।’ আঙুলের ওই অবস্থা নিয়েও অবশ্য অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করেছেন বোল্ট। চা বিরতির আগপর্যন্ত ৯ ওভারে ৩০ রান দিলেও উইকেট পাননি। মেলবোর্ন টেস্ট শেষেই দেশে ফিরে যাবেন তিনি, খেলতে পারবেন না ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টে।
রোহিঙ্গা নির্যাতন : মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস
লোকসমাজ ডেস্ক ॥ রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে শুক্রবার ১৯৩ সদস্যের মধ্যে ১৩৪ জন ভোট দিয়েছে। এবং মিয়ানমারের সরকারকে রাখাইন, কাচিন ও শান রাজ্যে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা উস্কানি দেওয়ার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর আগে মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা মামলায় ১০ ডিসেম্বর থেকে ৩ দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে শুনানি হয়। শুনানির প্রথম দিনে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যায় নিজেদের যুক্তি তুলে ধরে মামলার বাদী গাম্বিয়া। শুনানির দ্বিতীয় দিনে আদালতে নিজেদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। রাখাইনে কোনো গণহত্যা হয়নি বলে সাফাই গান তিনি। আদালতে মিথ্যাচার করে সু চি বলেন, রাখাইনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার পরই, বিচ্ছিন্নতাবাদ দমাতে অভিযান চালানো হয়, এর জেরে কিছু রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়েছে। এদিকে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে বর্তমানে বসবাস করছে ১১ লাখের বেশি রোহিঙ্গা। তারা অভিযোগ করেন, রোহিঙ্গা নিধনের উদ্দেশ্যে মিয়ানমার সরকারই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী-আরসা সৃষ্টি করেছে। যার মাধ্যমে এখন সূ চি মিয়ানমার সেনাবাহিনীকে বাঁচাতে রোহিঙ্গাদের ওপর দায় চাপাচ্ছে। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। গাম্বিয়ার আইনমন্ত্রী ১১ নভেম্বর বিষয়টি প্রকাশ করেন। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে গাম্বিয়া। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তাচৌকিতে সন্ত্রাসীদের হামলাকে অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে পরের কয়েক মাসে অন্তত সাত লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। জাতিসংঘ এই নৃশংসতাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে।










