লোকসমাজ ডেস্ক॥ টানা কয়েক দিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করে আবার দাম বেড়েছে পেঁয়াজের। একদিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মসলাপণ্যটির দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় হঠাৎ করে আবার পেঁয়াজের দাম বেড়েছে।
দেশীয় নতুন পেঁয়াজের সরবরাহ শুরু হওয়ায় কয়েক দিন ধরে দেশের বাজারে মসলাপণ্যটির দাম কমতে শুরু করে। তবে গতকাল হঠাৎ করে রাজধানীসহ বাজারসহ দেশের খুচরা ও পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম একযোগে বৃদ্ধি পায়। এর মধ্যে কারওয়ান বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজ পাইকারি পর্যায়ে ১৬০ টাকা থেকে ১৭০ টাকায় বিক্রি হয়, যা একদিন আগেও ১৪০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা। আর চীন থেকে আমদানীকৃত পেঁয়াজ পাইকারিতে ৭০ টাকা কেজিতে বিক্রি হয়, যা একদিন আগে ৫০ থেকে ৬০ টাকায় বেচাকেনা হয়েছে।
হঠাৎ করে দাম বৃদ্ধির বিষয়ে কারওয়ান বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী রাব্বি বলেন, কারওয়ান বাজারের ব্যবসায়ীরা মূলত শ্যামবাজারের আমদানিকারক ও ব্যবসায়ীদের কাছ থেকে পেঁয়াজ কিনে থাকেন। গতকাল (বৃহস্পতিবার) যে পেঁয়াজ ৪৫ টাকায় পাইকারি ব্যবসায়ীরা কিনেছেন। আজ (গতকাল) সেই একই পেঁয়াজ কিনতে হয়েছে ৫২ টাকায়। বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে শ্যামবাজারের ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন।
পাইকারির পাশাপাশি কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে গতকাল দাম বেড়ে প্রতি কেজি দেশী পেঁয়াজ ১৮০ টাকায় বিক্রি হয়, যা একদিন আগেও ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে গতকাল ঢাকার বাইরেও পেঁয়াজের দাম বেড়েছে। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গতকাল পাইকারি পর্যায়ে প্রতি কেজি মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০ টাকায়। মাত্র দুদিন আগে অর্থাৎ গত বুধবারে বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বোচ্চ ৯০-১০০ টাকায়। সেই হিসাবে দুদিনের ব্যবধানে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত।
একইভাবে কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে পাকিস্তানি পেঁয়াজের দাম। গতকাল খাতুনগঞ্জে কেজি পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হয় ১১০-১১৫ টাকা দরে, যা গত বুধবার পর্যন্ত ৮৫-৯০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।
এছাড়া প্রথমবারের মতো হল্যান্ড থেকে আমদানীকৃত পেঁয়াজ গতকাল পাইকারিতে ১১৫ টাকা দরে বিক্রি হয়, যা একদিন আগে ছিল ৯০ টাকার নিচে। আর চীনা পেঁয়াজ দুদিন আগে বিক্রি হয় ৩০-৩৫ টাকার মধ্যে। কেজিতে ১০-১৫ টাকা বেড়ে একই মানের পেঁয়াজ ৪৫-৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর গত ২৮ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে ৩৭ হাজার টন এবং টেকনাফ স্থলবন্দর দিয়ে ৫৭ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের বাড়তি সরবরাহে বেশি দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করে লোকসান গুনতে হয়েছে অনেকের। যার কারণে আমদানি কমিয়ে দেন ব্যবসায়ীরা। ফলে আবারো সরবরাহ সংকটে দাম বেড়েছে।
খাতুনগঞ্জের কাঁচাপণ্য ব্যবসায়ী ও মেসার্স আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী জসিম উদ্দিন বলেন, অস্থির বাজারে মুনাফার উদ্দেশ্যে ভারতের বিকল্প হিসেবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। এই সময় সরবরাহ চাপে বাড়তি দামে আমদানি করা পেঁয়াজে লোকসান দিয়েছেন বহু ব্যবসায়ী। ফলে গত দু-তিন সপ্তাহ পেঁয়াজ আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। এতে বাজারে পণ্যটির আবার সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে মাত্র দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
হিলি প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল হিলিতে দেশীয় নতুন পেঁয়াজ পাইকারিতে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়, যা একদিন আগে ১২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া চীন থেকে আমদানীকৃত বড় আকারের পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কেজি দরে, যা কিছুদিন আগে ৫০ টাকায় বিক্রি হয়েছিল।
এছাড়া নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল নগরীর দ্বিগুবাবুর বাজারে পাইকারিতে প্রতি কেজি দেশী পেঁয়াজ বেচাকেনা হয় ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। যা একদিন আগে ১১০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। সে হিসাবে দেশী পেঁয়াজ কেজিতে বেড়েছে ৫০ টাকা। আর চীনা পেঁয়াজ বেচাকেনা হয় ৮০ টাকা কেজি দরে। যা একদিন আগেও ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
আবারো অস্থিতিশীল পেঁয়াজের বাজার, কেজিতে দাম বেড়েছে ৩০-৫০ টাকা
দুই মেয়ে নিয়ে সুস্মিতা সেনের নাচ ভাইরাল
লোকসমাজ ডেস্ক॥ ইউনিভার্স খেতাব জয়ী ভারতের অভিনেত্রী সুস্মিতা সেন। ছবি: সেনটিনাল আসাম।
নতুন বছরকে স্বাগত জানাতে দুই মেয়েকে নিয়ে নাচলেন মিস ইউনিভার্স খেতাব জয়ী ভারতের অভিনেত্রী সুস্মিতা সেন। মেয়েদেরকে নিয়ে তার এই নাচ দেখেছে ১২ লাখের বেশি মানুষ। ২০২০ সালকে স্বাগত জানিয়ে পোস্টটি করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নিজ পরিবারকে নিয়ে ছবি দেন সুস্মিতা। ২০২০ সালকে স্বাগত জানিয়ে ইনস্টগ্রামে তার দেয়া ভিডিওতে দেখা যায় দুই মেয়ে নিয়ে প্রচণ্ড নেচে কুঁদে বছরটা শুরু করছেন তিনি। নাচের সেই ভিডিও সোশ্যালে আসতেই মারাত্মক হিট সেন পরিবার। বরাবরই নাচে সুনাম আছেন সুস্মিতার। সেই সঙ্গে রীতিমতো তাল মিলিয়ে নাচল দুই মেয়ে রেনে আর আলিশা।
নেটিজেনদের পছন্দের তালিকায় বেশ ওপরে রয়েছেন সুস্মিতা। বিশেষত পরিবারের সঙ্গে তার কাটানো সময়গুলো দারুণ পছন্দ ভক্তদের। তাই নাচের ভিডিও সোশ্যালে আসতেই সবাই কমেন্টস, ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন তার পরিবারকে।
মধ্যপ্রাচ্য অস্থিরতায় স্বর্ণের দাম চার মাসের সর্বোচ্চে
লোকসমাজ ডেস্ক॥ মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে বৈশ্বিক স্বর্ণের বাজার আবারো চাঙ্গা হয়েছে। এছাড়া মার্কিন মুদ্রার মন্দা ভাবের কারণেও চাঙ্গা হয় বুলিয়ান মার্কেট। গতকাল স্বর্ণের স্পটমূল্য আউন্সপ্রতি দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৮ ডলার ৪২ সেন্টে পৌঁছায়, যা গত ৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। এ সময় প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৫৪০ ডলার ৪৮ সেন্ট। আর যুক্তরাষ্ট্রে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে দাম দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৪১ ডলার ২০ সেন্টে স্থির হয়। খবর রয়টার্স।
শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবহরে হামলা চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। এর তাত্ক্ষণিক প্রভাব পড়ে জ্বালানি তেল ও স্বর্ণের বাজারে।
এ ঘটনার পর টানা চতুর্থ সপ্তাহের মতো স্বর্ণের স্পটমূল্য বাড়ে। এদিন মূল্যবান ধাতুটির স্পটমূল্য আউন্সপ্রতি আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া অন্যান্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য কমে আসায় এদিন কম মূল্যে স্বর্ণ ক্রয় করতে সক্ষম হয়েছেন এসব দেশের ভোক্তারা।
স্বর্ণের পাশাপাশি এদিন দাম বৃদ্ধি পায় অন্যান্য ধাতুরও। এর মধ্যে রুপার দাম আউন্সপ্রতি দশমিক ৫ শতাংশ বেড়ে ১৮ ডলার ১১ সেন্টে স্থির হয়। আর প্ল্যাটিনামে দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৯৮১ ডলার ৪৩ সেন্টে। এছাড়া আরেক মূল্যবান ধাতু প্যালাডিয়ামের দাম আউন্সপ্রতি দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৪ দশমিক ৮৭ সেন্টে স্থির হয়।
যেকোনো রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সেফ হেভেন হিসেবে স্বর্ণে বিনিয়োগ বৃদ্ধি পায়। যে কারণে মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের জেরে দীর্ঘদিন ধরে স্বর্ণের বাজার চাঙ্গা রয়েছে। যেখানে নতুন করে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা।
পেন্টাগনের চক্ষুশূল টিকটক
লোকসমাজ ডেস্ক॥ টিকটক অ্যাপটিকটক অ্যাপমার্কিন যুক্তরাষ্ট্রে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি সমস্যাও বাড়ছে চীনা অ্যাপ টিকটকের। পেন্টাগনের পক্ষ থেকে টিকটককে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সদস্যরা যাতে তাঁদের স্মার্টফোনে এ অ্যাপটি ব্যবহার না করেন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছে পেন্টাগন।
সরকার প্রদত্ত কোনো ডিভাইসে টিকটকের ব্যবহার বন্ধ করার পাশাপাশি ব্যক্তিগত ডিভাইসেও টিকটক ব্যবহারে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প প্রশাসন ও কংগ্রেসের পক্ষ থেকে টিকটক ঘিরে ব্যাপক সমালোচনার পর পেন্টাগন এ সতর্কতা জারি করে। টিকটকের মূল মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের। মার্কিন সোশ্যাল অ্যাপ মিউজিক্যাল ডটলিকে কেনার পর টিকটকের সঙ্গে যুক্ত করে মার্কিন বাজারে প্রবেশ করেছে বাইটড্যান্স। ইতিমধ্যে দেশটির তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপটি।
মিউজিক্যাল ডটলিকে কেনার বিষয়টি ঘিরে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো তদন্ত শুরু করেছে। মার্কিন কোনো ব্যবসায় চীনা অধিগ্রহণের বিষয়টিকে সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। এর আগে আলিবাবার অ্যান্ট ফাইন্যান্সিয়ালকে মানিগ্রাম কেনার বিষয়টি আটকে দেয় ট্রাম্প প্রশাসন।
টিকটক ঘিরে সমালোচনা থাকলেও এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কর্মী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাও আকৃষ্ট করতে পারছে তারা।
টিকটককে ঠেকাতে ফেসবুকের মতো প্রতিষ্ঠানকে নতুন অ্যাপ নিয়ে পরীক্ষা চালাতে হচ্ছে। তবে এখনো ফেসবুকের টিকটকসদৃশ অ্যাপ জনপ্রিয় হয়নি। অ্যাপের জনপ্রিয়তায় না পেরে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সরাসরি এর সমালোচনা করছেন। তিনি একে চীন সরকারের সেন্সরিং টুল হিসেবে মন্তব্য করেন।
ফেসবুকের মতো গুগলও টিকটকের হুমকির মুখ পড়ে গেছে। সম্প্রতি টিকটকের প্রতিদ্বন্দ্বী ফায়ারওয়ার্ককে কিনে হুমকি মোকাবিলার চেষ্টা করছে তারা।
14 জানুয়ারি লঞ্চ Honor 9X-এর, আজই জানুন ফিচার্স-দাম ও অন্য তথ্য
লোকসমাজ ডেস্ক॥ 14 জানুয়ারি ভারতে লঞ্চ করবে Honor 9X। শনিবার Huawei-এর সাব-ব্র্যান্ডের তরফে এদেশে মুক্তির দিন ঘোষণা করা হয়। ই-কমার্স সংস্থা Flipkart থেকে Honor 9X কিনতে পারবেন ইচ্ছুকরা। Honor 9X-এ রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।
গত জুলাইয়ে Honor 9X Pro-এর মুক্তির সময়ই Honor 9X লঞ্চ করার ঘোষণা হয়েছিল। এর আগে মনে করা হচ্ছিল, জানুয়ারির প্রথম সপ্তাহেই মুক্তি পাবে Honor 9X। তবে আজ জানা গেল, দ্বিতীয় সপ্তাহের শেষে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিনা স্মার্টফোনটি।
ভারতে Honor 9X-এর দাম (সম্ভাব্য)
বিভিন্ন টেক ওয়েবসাইটের খবর অনুযায়ী, Honor 9X-এর 4GB RAM মডেলের দাম হতে পারে প্রায় ₹14,400। 6GB RAM মডেলের দাম ₹16500 হবে বলে আশা করা হচ্ছে এবং 6 GB RAM+ 128 GB স্টোরেজ মডেল ₹19,600-তে বুক করা যাবে বলে আশা Honor-প্রেমীদের।
কী কী রয়েছে Honor 9X-এ?
ডিসপ্লে 6.59 ইঞ্চ HD+ ডিসপ্লে
RAM ও স্টোরেজ 4GB+64 GB, 6 GB RAM+ 64 GB এবং 6 GB RAM+ 128 GB
ক্যামেরা 48MP+2MP
সেলফি ক্যামেরা 16 MP-র পপ আপ ক্যামেরা।
ব্যাটারি 4000mAh
ফের দুশ’র দিকে পেঁয়াজের দাম, অজুহাত বৃষ্টি
লোকসমাজ ডেস্ক ॥ বছরের শুরুতেই আবারও অস্থির পেঁয়াজের বাজার। গত তিন দিনে লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০-৮০ টাকা। ফলে খুচরা বাজারে আবারও ডাবল সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম। ব্যবসায়ীদের এবারের অজুহাত বৃষ্টি।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতের রফতানি বন্ধ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাসহ নানা কারণে গত বছরের শেষভাগে পেঁয়াজের বাজার অস্থির ছিল। পরে সরকারের নানামুখী পদক্ষেপ আর নতুন পেঁয়াজ বাজারে আসায় কিছুটা নিম্নমুখী ছিল নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম। কিন্তু কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সঙ্গে তীব্র শীতও রয়েছে। যে কারণে ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে পারছেন না কৃষক। ফলে সরবরাহ কমায় আবার বেড়েছে দাম। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন বছরের প্রথম দিন থেকেই বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গত তিন দিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম বেড়েছে ৪০-৫০ টাকা আর খুচরায় ৭০-৮০ টাকা। এদিন সকালে খুচরা বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৬০-১৯০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১০০-১২০ টাকা। চীন-মিসরের বড় পেঁয়াজ প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল ৫০-৬০ টাকা।
পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স আলী ট্রেডার্সের পরিচালক মো. সামসুর রহমান জাগো নিউজকে জানান, গত তিন দিন পেঁয়াজের সরবরাহ কম থাকায় শুক্রবার বিকেল পর্যন্ত বাজার চড়া ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তীব্র শীতের কারণে কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে পারেননি। এ কারণে বাজারে পেঁয়াজ কম এসেছে। ফলে দাম বেড়েছে। আজ (শনিবার) বাজার একটু কমতির দিকে। আগামী দু-তিন দিনে দাম আরও কমে যাবে। আবহাওয়া ভালো থাকলে কৃষক ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে পারবেন। বাজার স্বাভাবিক হবে। তিনি জানান, আজ পাইকারি বাজারে মুড়িকাটা জাতের দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৩০-১৪০ টাকায়। আমদানি করা মিসরের পেঁয়াজ বিক্রি হয় ৭৫-৮০ টাকা, পাকিস্তানি পেঁয়াজ ১২৫-১৩০ এবং চায়না ৬০-৬৫ টাকা।
বাজার নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থাগুলোকে সতর্ক করে এ ব্যবসায়ী বলেন, ‘বাজারে আমদানি পেঁয়াজের পাশাপাশি বড় চাহিদা মেটাচ্ছে দেশি মুড়িকাটা পেঁয়াজ। আগামী ২০-২৫ দিনে মুড়িকাটা পেঁয়াজ উঠবে। এরপর দেশি পেঁয়াজ যেটা সারা বছর বিক্রি করি, ওইটা বাজারে আসবে। মুড়িকাটা ওঠানোর ২০-৩০ দিনের মধ্যে দেশি পেঁয়াজ উঠানো শুরু হয়। ওই সময় যেন আমদানি পেঁয়াজের সরবরাহ বাজারে পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করতে হবে।’ তাহলেই পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকবে বলে জানান এ ব্যবসায়ী। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী আশরাফ জানান, বৃষ্টির কারণে কয়েক দিন ধরে দাম বাড়ছে। আড়তে পেঁয়াজ সরবরাহ কম। আমরা পাবনা থেকে পেঁয়াজ আনি। সেখানে পেঁয়াজের কেজি পড়েছে ১৬০-১৭০ টাকা। মুড়িকাটা কিং পেঁয়াজ যেটা বিদেশি বিজ কিন্তু দেশে উৎপাদন হয় ওই পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। এক সপ্তাহ আগেও এ পেঁয়াজ পাইকারি ৮০-৯০ টাকা বিক্রি হয়েছে। তিনি জানান, বাজারে পেঁয়াজের দাম কমের দিকেই ছিল। বৃষ্টির কারণে দাম বাড়ছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে যাবে বলে মনে করেন তিনি। এদিকে গত ২৯ সেপ্টেম্বর ভারত রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যায় পেঁয়াজের দাম। রেকর্ড ২৫০ টাকায় পেঁয়াজের কেজি পৌঁছে যায়। তবে নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পর দাম কিছুটা কমে। এতে গত কয়েক সপ্তাহজুড়ে রাজধানীর বাজারগুলোতে নতুন দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছিল ১০০-১২০ টাকা। কিন্তু এখন ওই পেঁয়াজের দাম ১৮০-১৯০ টাকা। উল্লেখ্য, দেশের একটি অঞ্চল বাদে শুক্রবার (৩ জানুয়ারি) সারাদেশেই বৃষ্টি হয়েছে। শনিবারও (৪ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দিনের বাকি সময়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যেতে পারে। বৃষ্টি শেষ হওয়ার পরপরই দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বন্ধ হয়ে গেছে ১৫টি শিল্প-কারখানা
লোকসমাজ ডেস্ক॥ গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল এস্টেট জয়দেবপুর বা বিসিক শিল্পনগরীতে নিয়মিত ব্যাংকঋণ পরিশোধ করতে না পারা, বিদেশী কার্যাদেশ কমে যাওয়া, স্থানীয় শ্রমিক নেতাদের অযৌক্তিক নানা দাবি-দাওয়াসহ বিবিধ কারণে বন্ধ হয়েছে অন্তত ১৫ শিল্প-কারখানা। বিসিক কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নোটিস দেয়া হয়েছে এবং নিয়মানুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিসিক সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানার উন্নয়নে ১৯৯৭ সালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ৪৪ দশমিক ৫০ একর জায়গার ওপর এ শিল্পনগরীটি গড়ে ওঠে। এখানে ২৭৪টি প্লট রয়েছে। এসব প্লটের মধ্যে ১৪৫টি শিল্প ইউনিট আছে। এগুলোর মধ্যে নির্মাণাধীন রয়েছে ছয়টি ইউনিট। অন্যদিকে ১৫টি শিল্প ইউনিট নিষ্ক্রিয় বা রুগ্ণ। বন্ধ কারখানাগুলো দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট শিল্প মালিকদের চিঠি দিয়ে তাগাদা দিচ্ছে বিসিক কর্তৃপক্ষ। তবে নানা জটিলতায় চালু করতে না পেরে অনেকেই শিল্প ইউনিট হস্তান্তর করছেন নতুন উদ্যোক্তাদের কাছে।
শিল্পনগরী ঘুরে দেখা গেছে, একসময় লাভজনক ও সম্পূর্ণ রফতানিমুখী তৈরি পোশাক কারখানা নাইটিঙ্গেল ফ্যাশন লিমিটেড গত সেপ্টেম্বর মাস থেকে বন্ধ। নিটিং অ্যান্ড ডায়িংসহ এখানে থাকা কোম্পানিটির তিনটি কারখানার সবগুলোর কার্যক্রমই এখন বন্ধ।
কোম্পানিটির এমডি আব্দুস সালাম মাসুম বলেন, বিদেশী ক্রেতাদের কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়নে সমস্যা, নানা ইস্যুতে আন্দোলন, শ্রমিক নেতাদের উৎপাতসহ নানা সমস্যার কারণে কারখানাগুলো বন্ধ করে দিতে হয়েছে। তিনি জানান, চলতি জানুয়ারি থেকে কারখানাগুলো ফের চালুর জন্য চেষ্টা হচ্ছে।
শুধু নাইটিঙ্গেল নয়, এ শিল্পনগরীতে এ রকম আরো ১৫ শিল্প ইউনিট বন্ধ রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে মেসার্স তুলসী স্টিল ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স ড্রাগ লিমিটেড, হাজি প্লাস্টিক লিমিটেড, পারিজাত কেমিক্যাল অ্যান্ড মিনারেলস লিমিটেড, ব্রাইট টিউব ইত্যাদি। এছাড়া অনেকে কারখানা চালু করতে না পেরে নতুন উদ্যোক্তার কাছে শিল্প ইউনিট হস্তান্তর করছেন। শিহাব নামে একজন উদ্যোক্তা হাজি প্লাস্টিক লিমিটেডের কারখানায় শিগগিরই তৈরি পোশাক কারখানার কার্যক্রম শুরু করবেন বলে জানান।
বিসিক শিল্পনগরী কোনাবাড়ীর কর্মকর্তা হাবিবুর রহমান রাসেল জানান, ঢাকার খুব কাছে অবস্থিত এটি একটি ইমাজিং শিল্পনগরী। এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারলে এটি দেশের জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সম্প্রতি বন্ধ হওয়া কারখানাগুলোকে নোটিস দেয়া হয়েছে। প্লট খালি করতে অথবা হস্তান্তরের জন্য নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে।
এদিকে গাজীপুর জেলা বিসিক কর্মকর্তা নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারখানা মালিকদের সঙ্গে কথা জানা গেছে, মূলত ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধে ব্যর্থতার কারণেই অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে।’
তবে এ শিল্পনগরীসংশ্লিষ্ট অধিকাংশ লোকজনই এখানকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে নানা ভোগান্তির কথা বলেছেন। তাদের মতে, বিদেশী ক্রেতাদের কথা চিন্তা করে এখানকার অবকাঠামো উন্নয়ন জরুরি।
শিল্পনগরী ঘুরে দেখা গেছে, বিসিক অফিসের পাশ দিয়ে প্রধান যে সড়কটি ভেতরে প্রবেশ করেছে, সেটির নানা জায়গা ভাঙা এবং কার্পেটিং উঠে গিয়ে ছোটখাটো গর্তের সৃষ্টি হয়েছে। পল্লী বিদ্যুতের পাশের সড়কটিরও একই দশা। মাশরিকি টেক্সটাইল ও লাইফ টেক্সটাইলের সামনের রাস্তাসহ অনেক সড়কের ওপর পানি জমে রয়েছে। গর্ত সৃষ্টি হয়ে তার মধ্যে জমে থাকা পানি ছড়িয়ে পড়ছে আশপাশে। অধিকাংশ ড্রেনের অবস্থা নাজুক, ময়লা-আবর্জনা জমে চলাচলের পথ বন্ধ হয়ে পানি উপচে পড়ছে। ড্রেন দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে থাকে। লাইফ টেক্সটাইলের ম্যানেজার (অ্যাডমিন) শোয়েব আহমেদ খান জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। তখন মাল বোঝাই গাড়ি ও এখানে কর্মরত কর্মীদের ভোগান্তিতে পড়তে হয়।
বিসিক কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি রাস্তার কাজ করা হয়েছে, বাকি রাস্তাগুলোও পর্যায়ক্রমে মেরামত করা হবে। আর ড্রেনেজ ব্যবস্থাপনার জন্যও পরিকল্পনা নেয়া হয়েছে এবং কিছু জায়গায় কাজ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
২২,৯৯০ টাকায় থাইল্যান্ডে ইউএস-বাংলার প্যাকেজ ট্যুর
লোকসমাজ ডেস্ক॥ ঢাকা থেকে সবধরনের ট্যাক্সসহ ২২ হাজার ৯৯০ টাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাতায়াত, তিন তারকা হোটেলে দুই রাত তিনদিন থাকা, সকালের নাস্তা ও হোটেল-এয়ারপোর্ট-হোটেল ট্রান্সফারসহ নানাবিধ সুবিধা দিচ্ছে ইউএস বাংলা। এই টাকা পরিশোধ করা যাবে ইএমআই সুবিধাতেও। এ ধরনের বেশ কয়েকটি প্যাকেজ ট্যুর ঘোষণা করেছে বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটি।
ব্যাংককের এই প্যাকেজ ট্যুর ছাড়াও ব্যাংকক ও পাতায়ায় চার রাত পাঁচ দিনের জন্য নূন্যতম ২৯ হাজার ৯৯০ টাকা, ব্যাংকক ও ফুকেটে চার রাত পাঁচ দিনের জন্য নূন্যতম ৪১ হাজার ৯৯০ টাকা এবং ব্যাংকক ও করবিতে চার রাত পাঁচ দিনের জন্য নূন্যতম ৪২ হাজার ৯৯০ টাকা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা জানিয়েছে, থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে ইউ-বাংলা’র ভ্রমণ প্যাকেজগুলো কমপক্ষে দু’জনের জন্য প্রযোজ্য। ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সাথে চুক্তিবদ্ধ আর্থিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, যমুনা ব্যাংক, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, এনআরবিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স প্রমূখ। প্রতিষ্ঠানভেদে বিভিন্ন ধরনের সুযোগ থাকছে নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যুকৃত কার্ডের উপর।
মেট্রোরেলের নিরাপত্তায় হচ্ছে এমআরটি পুলিশ
লোকসমাজ ডেস্ক ॥ যানজট নিরসনে রাজধানীতে মেট্রোরেলের নির্মাণকাজ চলছে। ২০১৬ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। ওই সময় বলা হয়, ঢাকার উত্তরা থেকে মেট্রোরেলের বদৌলতে ব্যস্ত বাণিজ্যিক এলাকা মতিঝিলে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। সেই মেট্রোরেলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করা হচ্ছে, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের বর্ষে অর্থাৎ ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
মেট্রোরেল চালুর আগেই এর শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পুলিশের আগ্রহে এবং সরকারের উচ্চপর্যায়ের গ্রিন সিগন্যাল পাবার পর মেট্রোরেল পরিচালনা, শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য আলাদা একটি নতুন ফোর্স গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ‘এমআরটি পুলিশ’ নামে একটি সাংগঠনিক কাঠামোর প্রস্তাবনা প্রস্তুতের পর তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) আওতায় রাজধানীতে নির্মাণাধীন মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি- মেট্রোরেল) প্রকল্প। এর নির্মাণ, শৃঙ্খলা ও পরিচালনার জন্য পৃথক এমআরটি পুলিশ ফোর্স গঠন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর প্রয়োজনীয়তা নেই বলে জানানো হয়। তবে গত ১৬ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এমআরটি বাস্তবায়ন ও অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভার কার্যবিবরণীতে নতুন পুলিশের এ ইউনিট গঠনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদরদফতরকে বলা হয়। এরপর পুলিশ সদরদফতর থেকে এমআরটি ব্যবস্থাপনার স্বার্থে পুলিশের একটি সাংগঠনিক কাঠামোতে স্বতন্ত্র এমআরটি পুলিশ গঠনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়।
পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে, এমআরটি পুলিশ ফোর্স নামে পুলিশের একটি নতুন ইউনিট গঠনের লক্ষ্যে ৮০৯ জনের একটি জনবলের চাহিদার তালিকা পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এএসপি সুদীপ্ত সরকার জাগো নিউজকে বলেন, এমআরটি পুলিশের জন্য ৮০৯ জনের একটি সাংগঠনিক কাঠামোর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ সদরদফতরের দেয়া তথ্য মতে, এমআরটি পুলিশের জন্য একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), একজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), তিনজন পুলিশ সুপার (এসপি), পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি), সাতজন এএসপি, ৩২ জন পরিদর্শক (ইন্সপেক্টর- নিরস্ত্র), চার পরিদর্শক (ইন্সপেক্টর- সশস্ত্র), একজন টিআই (ট্রাফিক ইন্সপেক্টর), ২০৭ জন উপ-পরিদর্শক (এসআই- নিরস্ত্র) ও ১১ জন উপ-পরিদর্শক (এসআই-সশস্ত্র), এএসআই ও কনস্টেবলসহ ৮০৯টি পদ নতুন করে সৃজনের কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের ৯৬টি যানবাহনের প্রস্তাবও করা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘এমআরটি পুলিশ’ ইউনিট গঠনের জন্য একটা ফাইল এসেছে। সেটা যাচাই-বাছাই চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘এমআরটি পুলিশ’-এর একটি জনবল কাঠামোর অনুমোদন চেয়ে ফাইল এসেছে। বিষয়টি প্রক্রিয়াধীন।
ডিম সবজির চিতই পিঠা
লোকসমাজ ডেস্ক॥ সন্ধ্যার নাস্তায় কী বানানো যায় তা নিয়ে কখনো কখনো খুব চিন্তায় পড়তে হয়। এজন্য নতুন হিসেবে এটা ভালো লাগতে পারে এই রেসিপি- ডিম সবজির চিতই পিঠা। সন্ধ্যার নাস্তায় একবার দেখবেন নাকি পরখ করে? এই ডিশটিতে আছে সবজি যা ভিটামিন নিয়ে ভাবতে হবে না মায়েদের। বড়-ছোট সবাই এই ডিশটি অনেক পছন্দ করবে।
কিভাবে তৈরি করবেন ডিম সবজির চিতই পিঠা
যা যা লাগবে
আতপ চালের গুঁড়া ২৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ৪টি, বরবটি কুঁচি করা ১ কাপ, গাজর কুঁচি করা ১ কাপ, কাঁচা মরিচ কুঁচি করা ২চা চামচ (যেমন ঝাল খান), পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, ধনেপাতা কুঁচি ৩ টেবিল চামচ, পুদিনা পাতা কুঁচি ১ চা চামচ, পানি পরিমাণ মতো।
যেভাবে তৈরি করতে হবে
১. একটি বাটিতে আতপ চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর ময়দা ভালো করে মিশিয়ে তাতে সামান্য পানি দিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন।
২. ভেজানো চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণে ৪টি ডিম ভেঙে মিশিয়ে নিন। ডিমগুলো ভালো করে ফেটে নিন যেন গুটি গুটি না থাকে এবং ভেজানো চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়।
৩. তারপর এর মধ্যে একে একে বরবটি, গাজর কুঁচি, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদাবাটা, রসুনবাটা, ধনেপাতা কুঁচি, পুদিনাপাতা কুঁচি, স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিন।
৪. চুলায় মাটির পাতিল অথবা লোহার তাওয়া (চিতই পিঠার খোদাই করা থাকে এই তাওয়াতে) গরম হতে দিন। গরম হয়ে এলে একটি কাপড়ে তেল লাগিয়ে তা দিয়ে পাতিলে বা তাওয়ায় তেল মাখিয়ে নিন।
৫. এবার ১টি চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিন এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। এসময় চুলার আঁচ মৃদু থেকে একটু বেশি থাকবে। এভাবেই একটি একটি করে বানিয়ে নিন পিঠাগুলো।
এই পিঠাগুলো এমনি খেতেও খুব ভালো লাগে। তবে টক জাতীয় কোন চাটনি, ভর্তা অথবা সস এর স্বাদকে আরো বহুগুণ বাড়িয়ে দেয়। এই পিঠা বাসায় তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার ডিম সবজির চিতই পিঠা।










