ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছর মল্লিকপুর বেসরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ শিশুদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) সাধন কুমার বিশ্বাস শীতবস্ত্র বিতরণ করেছেন। শনিবার সকালে নির্বাহী অফিসারের পক্ষে মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মারুফ বিল্লাহ স্কুল প্রাজ্ঞনে গিয়ে শিশুদের হাতে শীতবস্ত্র (গরম কাপড়) তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের এ মহতি উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক জেসমিন সুলতানা। একইদিন উপজেলা নির্বাহী অফিসার দেয়া শীতবস্ত্র পৌরসদরের মুসলিম এতিমখানা, স্বপ্নলোকের পাঠশালা, রঘুনাথনগর বাবরালী সরদার বিশেষ প্রতিবন্ধী স্কুল ও গদখালী স্বজন চক্রের বিশেষ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
যশোরে র্যাব-পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ৭
স্টাফ রিপোর্টার ॥ যশোরে র্যাব ও পুলিশের আলাদা মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ফেনসিডিল, ৩০৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করা হয়েছে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি আওয়াল মিয়া যশোর কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি বাজারের তিন রাস্তার মোড় থেকে মহিদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৩১ পিস ফেনসিডিল জব্দ করা হয়েছে। মহিদুল বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের গোলাম রসুল সরদারের ছেলে।
কোতয়ালি থানার এস আই সাইফুল মালেক জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। এরা হলো, দেয়াড়া সরদারপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬), দেয়ার পূর্বপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আজগর আলী (৫০) এবং দত্তপাড়া বাজারের পাশের আহমেদ আলীর ছেলে রাজু (২২)। পরে তাদের দেহ তল্লাশি করে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম মুন্সি জানিয়েছেন, গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে শহরের পালবাড়ি এলাকার মেন্টর স্কুলের সামনে থেকে তরিকুল ইসলাম মনির (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মনির পুলিশ লাইন টালিখোলা পাওয়ার হাউজপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে। সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই সুমারেশ কুমার সাহা জানিয়েছেন, গত শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে চূড়ামনকাটি-চৌগাছা সড়কের বেলতলা নামক স্থানে রাব্বির চায়ের দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো সদর উপজেলার দেয়াড়া গ্রামের হাফিজুর রহমান মন্টুর ছেলে রাজু আহমেদ (২১) এবং ডুমদিয়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৪৫)। তাদের দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। সেই সাথে বাজাজ কোম্পানির সিটি-১০০ মডেলের একটি মোটরসাইকেল (যশোর-হ-১৫-৩৭৩৬) জব্দ করা হয়। এসব ঘটনায় কোতয়ালি থানায় আলাদা ৪টি মামলা হয়েছে।
পাইকগাছায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক (ভারপ্রাপ্ত) অঞ্জলী রাণী শীল। প্রধান অতিথি ছিলেন, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নব-নির্বাচিত সভাপতি কাজী সাখায়াত হোসেন পাপ্পু, জালাল আহমেদ, নুর আলী মোড়ল, সাংবাদিক জি.এম. মিজানুর রহমান, আব্দুল আজিজ, মুনসুর আলী খা, শেখ হোসেল আহমেদ ও প্রভাষক নুরুজ্জামান। ফলাফল ঘোষণা শেষে চলতি বছর এসএসসি ও জেএসসি পরীায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
ভারতে এনপিআর অনুমোদনে নতুন উত্তাপ
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনসিআর) নিয়ে উত্তপ্ত আবহের মধ্যেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যাপঞ্জিকে (এনপিআর) ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। আদম শুমারির আগে এনপিআরের তথ্য আপডেট করার জন্য মন্ত্রিসভা গত মঙ্গলবার বাজেট বরাদ্দের অনুমোদন দিয়েছে বলে জানায়। এনডিটিভি। জাতীয় জনগণনা কমিশন জানিয়েছে, আসাম বাদে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআরের কাজ চলবে। এনপিআরে বায়োমেট্রিক তথ্য নেয়া হবে বলে এতদিন শোনা গেলেও কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকর মঙ্গলবার নাগরিকদের জানিয়েছেন, এনপিআরের জন্য কোন তথ্য ও বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। জনগণ যা বলবেন সেটাই নথিভুক্ত করা হবে। আগের মতোই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা। সিএএ-এনআরসি নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। এর মধ্যে এনপিআর নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াতে পারে এমন আশঙ্কা থেকেই মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। ওদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন মানুষকে স্পষ্ট ধারণা দেয়ার জন্য বলেছেন, জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে কোন যোগ নেই। দুটি আলাদা পদ্ধতি। এনআরপির জন্য সংগৃহীত তথ্য এনআরসির কাজে ব্যবহার করা যায় না। ভারতজুড়ে এনপিআর এবং জনগণনার জন্য ১৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে জনগণনায় খরচ করা হবে ৮৭৫৪ কোটি টাকা। আর এনপিআরের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৯৪১ কোটি টাকা। কিন্তু সিএএ-এনআরসি নিয়ে বর্তমানে যে উত্তেজনার পরিবেশ বিরাজ করছে তাতে এ পদপে নিয়ে আরও বেশি বিতর্ক সৃষ্টি হবে এবং কাজটি সুষ্ঠুভাবে করা সম্ভব হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) প্রথম ধাপ বলেই মনে করছে। তারা অমিত শাহ’র বক্তব্য ভাওতাবাদী আখ্যা দিয়ে বলেছেন, এনপিআরও করতে দেয়া হবে না। সরকার এ সবই করছে এনআরসি বাস্তবায়নের কৌশল হিসেবে। বিরোধেী দলের এই অবস্থান চলমান বিক্ষোভকে উত্তপ্ত করবে। আমরা মনে করি, ভারতের অসহিষ্ণু সব কিছু বাংলাদেশের জন্য ক্ষতিকর। এ কারণে তাদের শান্ত পরিবেশই প্রত্যাশা করি।
যশোরে কাবার পথে হজ্ব গ্রুপের অফিস উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ যশোরে কাবার পথে হজ্ব গ্রুপের সেমিনারে বক্তারা বলেছেন, ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ্ব। এর মাধ্যমে মুমীন মুসলমানরা পাপমুক্ত হয়। সারাজীবন পাপ-পংকিলতায় জড়িত থেকে বৃদ্ধ বয়সে মক্কা-মদীনায় গিয়ে পাপমুক্ত হয়ে আসার নিয়ত করলে হজ্বের সুফল পাওয়া যায় না। হজ্ব থেকে সুফল পাওয়ার পূর্ব শর্তই হচ্ছে পরিশুদ্ধ নিয়ত ও কর্মকান্ড।
শনিবার যশোর বিডি হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কাবার পথে হজ্ব গ্রুপের যশোর অফিসের উদ্বোধন উপলক্ষে হজ্ব ও ওমরার গুরুত্ব তাৎপর্য শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। হজ্ব গ্রুপের যশোর অঞ্চলের পরিচালক প্রভাষক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ, যশোর অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক কেএম মিজানুর রহমান, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ, চৌগাছার ধুলিয়ানি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মাওলানা আবু সাঈদ প্রমুখ। প্রধান অতিথি শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর অঞ্চলের মানুষ বরাবরই ধর্মভীরু। প্রতিবছর এই অঞ্চল থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি হজ্ব এবং ওমরা পালন করেন। আগামীতেও এই অঞ্চলের মুসল্লিদের হজ্ব ও ওমরা পালনে কাবার পথে হজ্ব গ্রুপ বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যশোর শহরে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত
স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া খুলনা রোডস্থ কোল্ড স্টোরেজের সামনে পি আল অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং ব্যবসা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মির্জা মুকিত হায়দার কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এই ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় হিসাব নিকাশ শেষে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরের দিন শুক্রবার বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল ৯টায় ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, গেট ও শার্টারের দুটি তালা ভাঙা। প্রতিষ্ঠানের ভেতর গিয়ে দেখা যায়, একটি ওয়েল্ডিং মেশিন ও ৫ বস্তা পিতলের পার্টস নেই। যার মূল্য ৫ লাখ ৬৫ হাজার টাকা। তিনি বলেন, এর ঘটনায় প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবু তাহের সিদ্দিকী (৫২) গুরুতর অসুস্থ হয়ে যশোর ইবনেসিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গত বুধবার রাতে বাঘারপাড়ার মহিরণে নিজ বাসভবনে আবু তাহের সিদ্দিকী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে যশোর করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর দেখা দেয় নানা সমস্যা। ইসিজি কিংবা অন্যান্য মেশিন নেই। ত্রুটিপূর্ণ উপকরণ দিয়ে তাকে ইজিজি করতে না পারায় স্বজনরা মেশিনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন। এরপর তাকে ইজিজি করিয়ে চিকিৎসা দেয়া হয়। তার চিকিৎসার জন্যে আইসিইউ প্রয়োজন হয়ে পড়ে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ না থাকার কারণে সকাল ১০টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইবনেসিনার ৮ম তলায় আইসিইউতে চিকিৎসাধীূন রয়েছে তিনি। চিকিৎসকগণ বলছেন, তার অবস্থা এতটাই খারাপ যে, ইকো কিংবা কিডনি পরীক্ষা ও ডায়ালাইসিস করা কষ্টকর। এমনকি, আরও উন্নত চিকিৎসার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাও অসম্ভব হয়ে পড়েছে। তার দুটি কিডনিই ঝুঁকির মধ্যে রয়েছে। গতকাল তার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে। আবু তাহের যশোর সিএমএইচ এবং আর্মি মেডিকেল কলেজের এ্যানেসথেসিওলজি ও আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর ডা. নাইমুল হকের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, আবু তাহেরের অসুস্থতার খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান। তিনি তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও তাকে দেখতে যান।
১০ বছরে ৯ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে : রাশেদ খান মেনন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু দুর্নীতি বেড়েছে। গত ১০ বছরে ৯ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ৫০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। একশ্রেণির নব্য রাজাকার ক্ষমতাকে ব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন। আর পেশাজীবী কৃষক, শ্রমিক মেহনতি মানুষ আরও শোষিত ও গরিব হচ্ছে। এ অবস্থায় কিছু নেতা-কর্মী দলে ভাঙ্গন সৃষ্টি করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। ওয়ার্কার্স পার্টি লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করার লড়াই চালিয়ে যাবে।
গতকাল বিকেলে যশোর টাউন হল ময়দানে ওয়ার্কার্স পার্টির খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির ভাঙ্গনের পর বিভক্ত গ্রুপকে বার্তা দেয়ার জন্যে যশোরে প্রথম জনসভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। রাশেদ খান মেনন আরও বলেন, দেশের কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাচ্ছে না। ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা করা হয়। আদালতের রায় অনুযায়ী সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিলেও তাদের দাবি পূরণ হচ্ছে না। তাদের ধান বিক্রির কার্ড চলে যাচ্ছে টাকার মালিক ব্যবসায়ীদের হাতে। খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনে দু’জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আর একজন শ্রমিকের যদি মৃত্যু হয় তাহলে ওয়ার্কার্স পার্টি বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে সংগ্রাম চালিয়ে যাবে। দক্ষিণাঞ্চলের নদী খনন, সুন্দরবন রক্ষাসহ জনগণের সমস্যা লাঘবে পার্টি আন্দোলন করছে। বিশেষ অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ বলেন, সরকারি নিয়ম মেনেই ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত হয়েছে। নির্বাচনে দলের একটি প্রতীক আছে। দেশে দুর্নীতি, লুটপাট করে একশ্রেণির মানুষ সম্পদের মালিক হচ্ছে আর মানুষের মধ্যে বৈষম্য বাড়ছে। আর কতদিন ভারত উপমহাদেশে ধর্মের নামে রাজনীতি চলবে এ প্রশ্ন করে বলেন, ধর্মভিত্তিক রাজনীতি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। হিন্দুবাদীতা অন্যান্য ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ওয়ার্কার্স পার্টি যশোর শাখার সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দিকীর জনসভায় সভাপতিত্ব করেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিছুর রহমান মল্লিক, সুশান্ত দাস, নুর আহমেদ বকলু, লুৎফুল্লাহ এমপি, কামরুল আহসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা ইউনুস তালুকদার, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা। পরিচালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাড. নজরুল ইসলাম, পুনশ্চ যশোরের শিল্পীদের জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। আগামী ৩ মাসের মধ্যে দেশের সকল বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
নবীন-প্রবীণ প্রাণের মেলায় মিলেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ
স্টাফ রিপোর্টার ॥ নবীন-প্রবীণ প্রাণের মেলায় মিলেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর জমকালো অনুষ্ঠানে মেতে ওঠেছেন পাঁচ সহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। শনিবার বিকেলে দু’দিনব্যাপি এ আনন্দ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রোববার পর্দা নামবে এ বর্ণিল আয়োজনের।
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘যশোর ক্যান্টনমেন্ট কলেজ’র ৫০ বছর পূর্তি হয়েছে এ বছর। এই অর্জনকে উপলক্ষ করে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠান উদ্যাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা ক্যাম্পাস। কলেজ জুড়ে শোভা পাচ্ছে নানা রকমের বিলবোর্ড। একাডেমিক ও অফিস ভবন রঙবেরঙয়ের আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছে। ছোট ছোট স্টলে বসেছে মিনা বাজার। মাঠের এককোনে রয়েছে গরম গরম কফির বন্দোবস্ত। গরম গরম কফিতে চুমুক দিতে দিতে পুরোনো বন্ধুদের সাথে খোশগল্পে মাতছেন সবাই। পুরনো বন্ধুদের সাথে অনেক দিন বাদে মিলিত হওয়ার স্মৃতি ছবির ফ্রেমে ধরে রাখতে ফটোসেশন ও সেলফিতে মাতেন অনেকেই।
৯১’র ব্যাচের শিক্ষার্থীদের দেখা যায়, লাল সবুজের উত্তরীয়র সাথে হালকা নীল বেগুনির ব্লেজারে আবৃত হয়ে নতুন নির্মিত শহীদ মিনারের বেদিতে গ্রুপ ছবি তুলতে। ভুভুজেলা বাজিয়ে দলবেঁধে র্যালিও করেন তারা।
কলেজ মাঠের পশ্চিম দিকে নির্মাণ করা হয়েছে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনীর উৎসব মঞ্চ। মঞ্চ জুড়ে আলোর সজ্জা। মঞ্চে ডিসপ্লেতে দেখানো হয় কলেজ নিয়ে আগামী দিনের নানান পরিকল্পনা। শনিবার বিকেল চারটার পর এই মঞ্চেই দুই দিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শান্তির প্রতীক সফেদ পায়রা ও ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার।
উদ্বোধনী পর্বে অন্যান্যের বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন, কলেজ অধ্যক্ষ লে. কর্নেল আমিনুর রহমান, উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী ইকবালুর রশীদ, ক্যান্টনমেন্ট কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান ডালু প্রমুখ। উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী ইকবালুর রশীদ জানিয়েছেন, ‘এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এই শ্লোগানে ক্যান্টনমেন্ট কলেজের পাঁচ সহ¯্রাধিক প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশ নিচ্ছে। প্রবীণ ৭৫ ব্যাচের ৩ জন প্রাক্তন ছাত্র অংশ নিচ্ছেন। ৭৫ থেকে সর্বশেষ ১৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে রয়েছেন। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রাক্তনের এই অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন।
নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মুরসালিন মৃধা (২০) নামে এক যুবককে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মুরসালিন উপজেলার আড়িয়ারা গ্রামের লাজুক মৃধার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমানুল্লাহ বারী জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ১৩ বছরের এক কিশোরীকে চার যুবক কৌশলে অচেতন করে লোহাগড়ার আড়িয়ারা গ্রামের মুজিবারের ইটের ভাটার শ্রমিকদের শোওয়ার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় চারজনকে আসামি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। মামলা দায়েরের পর পুলিশ শনিবার ভোর রাতে মামলার প্রধান আসামি মুরসালিনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা জন্য শনিবার নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। সূত্র জানায়, ধর্ষণের ঘটনাটি নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে ঘটনার মূল নায়ক মুরসালিনের সঙ্গে ধর্ষণের শিকার মেয়েটিকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন সালিশে উপস্থিত গ্রাম্য মাতব্বররা। তবে মুরসালিন এ বিয়েতে অসম্মতি জানালে পরবর্তীতে শুক্রবার থানায় মামলা দায়ের হয়।









